ইন্টারন্যাশনাল ডেস্ক : বৃহস্পতিবার কয়েক ঘণ্টার মধ্যে দুটি সাফল্য পেয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। প্রথমে ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ব্রেক্সিট নিয়ে বোঝাপড়া চূড়ান্ত হলো। তারপর ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ সম্মেলনে উপস্থিত নেতারা একযোগে সেই চুক্তির প্রতি সমর্থন জানালেন। এরপরই দেশে ফিরে সংসদে তার ‘নতুন’ ব্রেক্সিট চুক্তির পক্ষে সমর্থন আদায় করতে ব্যস্ত হয়ে পড়েছেন জনসন। তবে সেই কাজ যে মোটেই সহজ হবে না, বৃহস্পতিবারই তা স্পষ্ট হয়ে গেছে। ‘নতুন’ ব্রেক্সিট চুক্তির রূপরেখা স্পষ্ট হলেও এর অনেক খুঁটিনাটি বিষয় নিয়ে সংশয় প্রকাশ করছে ব্রিটেনের রাজনৈতিক মহল। নতুন চুক্তি অনুযায়ী আইরিশ সীমান্তে ‘ব্যাকস্টপ’ ব্যবস্থা আনুষ্ঠানিকভাবে বাদ পড়লেও তার বদলে অত্যন্ত জটিল এক ব্যবস্থা চালু হবে। বরিস জনসনের দাবি মেনে উত্তর আয়ারল্যান্ড প্রদেশকে যুক্তরাজ্যের শুল্ক কাঠামোয় রাখা হলেও সেখানে ইউরোপীয় ইউনিয়নের কিছু নিয়মকানুন বজায় থাকবে। বিশেষ করে সেখানে পণ্যের আগমন নিয়ন্ত্রণ করা হবে। যে পণ্য শেষ পর্যন্ত ইইউ-তে প্রবেশ করবে, তার উপর শুল্ক বসানো হবে। ভ্যাট সংক্রান্ত জটিলতাও দূর করা হয়েছে। উত্তর আয়ারল্যান্ডের আঞ্চলিক পার্লামেন্ট প্রতি চার বছর অন্তর এই নিয়ম চালু রাখার বিষয়ে সিদ্ধান্ত নেবে। শুক্র ও শনিবার বরিস জনসনকে নিজের টোরি দল, জোটসঙ্গী উত্তর আয়ারল্যান্ডের ডিইউপি দল এবং সংসদে বিরোধী পক্ষের কাছ থেকে এই চুক্তির প্রতি সমর্থনের চেষ্টা চালাতে হবে। তিনি এখনো ৩১শে অক্টোবর ব্রেক্সিট কার্যকর করতে বদ্ধপরিকর। সেই লক্ষ্যে শনিবারই সংসদে এই চুক্তি অনুমোদন করাতে চান তিনি। কিন্তু সংসদে সংখ্যাগরিষ্ঠতা না থাকায় এবং দলের মধ্যে আবার বিদ্রোহের আশঙ্কার ফলে তাকে বিরোধী ও বিদ্রোহী পক্ষের সমর্থনের প্রয়োজন হবে।
শেয়ার করুন


















