শুক্রবার (৭ আগস্ট ২০২৬) সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ (এমজেডিএ) মধ্যপ্রাচ্য তথা সমগ্র বিশ্ব ভূরাজনীতিতে এক অভূতপূর্ব ও বৈপ্লবিক পরিবর্তনের সূচনা করেছে। ২০২৬ খ্রিস্টাব্দের চলতি আগস্টে সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর আল-সাফা প্রাসাদে সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান, তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেপ এরদোয়ান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের মধ্যে স্বাক্ষরিত এই ঐতিহাসিক চুক্তি কেবল একটি প্রথাগত দ্বিপক্ষীয় বা ত্রিপক্ষীয় সামরিক সমঝোতা নয়, বরং এটি বিশ্বরাজনীতিতে কয়েক দশক ধরে গড়ে ওঠা ক্ষমতার ভারসাম্য এবং আঞ্চলিক নিরাপত্তা কাঠামোর এক আমূল পুনর্গঠন। এই চুক্তি এমন এক সময়ে হয়েছে, যখন পশ্চিম এশিয়ায় চলমান সংকট পরিস্থিতি তীব্র আকার ধারণ করেছে। এই ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তির মূল কথা হলো— চুক্তিবদ্ধ যেকোনো একটি দেশের ওপর বহিরাগত সশস্ত্র আক্রমণ বা আগ্রাসনকে তিনটি দেশের ওপরই যৌথ আক্রমণ হিসেবে গণ্য করা হবে এবং তিনটি দেশ সম্মিলিতভাবে তার জবাব দেবে। এটি মূলত মার্কিন নেতৃত্বাধীন ন্যাটোর বহুল আলোচিত ‘অনুচ্ছেদ ৫’ ( Artcle 5)-এর অনুকরণে গড়ে তোলা এক সমন্বিত মুসলিম নিরাপত্তা বলয়। দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যের রাজনীতি, অর্থনীতি ও নিরাপত্তার নিয়ন্ত্রক হিসেবে যে পশ্চিমা আধিপত্য, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রীয় প্রভাব কাজ করে আসছিল, এই চুক্তি তার বিদায়ঘণ্টা বাজিয়ে দিল কি না—তা নিয়ে এখন বিশ্বজুড়ে তীব্র বিতর্ক ও বিশ্লেষণ চলছে।
এই ঐতিহাসিক ও সুদূরপ্রসারী যৌথ প্রতিরক্ষা চুক্তির নেপথ্যে যে প্রধান অনুঘটকটি কাজ করেছে, তা হলো মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঐতিহ্যগত ‘নিরাপত্তা ছাতা’ বা সুরক্ষাকবচের প্রতি উপসাগরীয় দেশগুলোর গভীর আস্থাহীনতা। কয়েক দশক ধরে সৌদি আরব, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাতসহ উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) দেশগুলো নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে কোটি কোটি ডলারের মার্কিন সামরিক সরঞ্জাম ক্রয় করেছে এবং তাদের ভূমিতে বিশাল বিশাল আমেরিকান সামরিক ঘাঁটি স্থাপনের অনুমতি দিয়েছে। কিন্তু অতি সম্প্রতি ইরানে মার্কিন-ইসরায়েলি যৌথ সামরিক অভিযান ‘অপারেশন এপিক ফিউরি’ এবং তার প্রতিক্রিয়ায় পুরো মধ্যপ্রাচ্যজুড়ে যে ভয়াবহ যুদ্ধ ছড়িয়ে পড়ে, তা উপসাগরীয় আরব রাজতন্ত্রগুলোর চোখ পুরোপুরি খুলে দিয়েছে। ইরানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং ঝাঁকে ঝাঁকে আত্মঘাতী ড্রোনের জবাবে যুক্তরাষ্ট্রের তথাকথিত সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও বিমান ঘাঁটিগুলো যেভাবে ধ্বংস ও পঙ্গু হয়ে পড়েছিল, তা থেকে রিয়াদ ও অন্যান্য আরব রাজধানীগুলো অনুধাবন করেছে যে, সংকটের মুহূর্তে ওয়াশিংটন তাদের নিজেদের সার্বভৌমত্ব ও গুরুত্বপূর্ণ তেল পরিকাঠামো রক্ষা করতে হয় অক্ষম, নয়তো অনিচ্ছুক। মার্কিন ঘাঁটি ধ্বংসের পাশাপাশি সৌদি আরবের দক্ষিণ ও পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং জ্বালানি ক্ষেত্রগুলো যখন ক্রমাগত হামলার মুখে পড়ে, তখন রিয়াদের নীতিনির্ধারকদের কাছে স্পষ্ট হয়ে যায় যে, মার্কিন যুক্তরাষ্ট্র একপ্রকার ‘কাগুজে বাঘ’-এ পরিণত হয়েছে। যুক্তরাষ্ট্রের নিজস্ব অস্ত্রাগারে টান পড়া এবং রাজনৈতিক অনিশ্চয়তার কারণে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারে তাদের প্রতিশ্রুতি চরমভাবে প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। এই ভূরাজনৈতিক বাস্তবতার মুখোমুখি হয়ে সৌদি আরব অনুধাবন করে, একটি একক ও সুদূরবর্তী পরাশক্তির ওপর অন্ধভাবে নির্ভর করার দিন শেষ হয়ে গেছে; তাদের এখন নিজেদের নিরাপত্তার পথ নিজেদেরই তৈরি করতে হবে।
মূলত এই ঐতিহাসিক নিরাপত্তা ঘাটতি পূরণের তাগিদ থেকেই আত্মপ্রকাশ ঘটে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের ত্রিপক্ষীয় অক্ষের। এই তিনটি দেশের এই জোটে যোগদানের সিদ্ধান্ত অত্যন্ত পরিকল্পিত, কৌশলগত এবং পারস্পরিক ক্ষমতার এক অনন্য পরিপূরক সমন্বয়। বিশ্লেষণ করলে দেখা যায়, এই জোটের প্রতিটি শরিকই এমন কিছু ক্ষমতার উপাদান সরবরাহ করছে, যা অন্য দুজনের নেই, অথচ একটি পূর্ণাঙ্গ ও অজেয় সামরিক জোট গঠনে অত্যন্ত অপরিহার্য।
প্রথমত, তেল সমৃদ্ধ সৌদি আরব এই জোটে নিয়ে এসেছে তাদের অঢেল অর্থনৈতিক সামর্থ্য, ভূকৌশলগত অবস্থান এবং ইসলামি বিশ্বের প্রাণকেন্দ্র হিসেবে অভূতপূর্ব রাজনৈতিক ও কূটনৈতিক প্রভাব। রিয়াদের বিপুল আর্থিক তহবিল যৌথ সামরিক গবেষণা, সর্বাধুনিক অস্ত্র ক্রয় এবং জোটের প্রাতিষ্ঠানিক পরিকাঠামো অর্থায়নে মূল জ্বালানি হিসেবে কাজ করবে।
দ্বিতীয়ত, ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সামরিক ক্ষমতার অধিকারী তুরস্ক এই জোটে যুক্ত করেছে সামরিক প্রযুক্তির ক্ষেত্রে তাদের অবিশ্বাস্য স্বায়ত্তশাসন এবং আধুনিক যুদ্ধের প্রভূত অভিজ্ঞতা। সাম্প্রতিক বছরগুলোতে তুর্কি প্রতিরক্ষা শিল্প এক অভাবনীয় বিপ্লব ঘটিয়েছে। তাদের তৈরি বায়রাকতার আকিঞ্চি, কিজিলেলমা ড্রোন, আধুনিক অ্যাসল্ট শিপ, সাঁজোয়া যান এবং ইলেকট্রনিক যুদ্ধব্যবস্থা বৈশ্বিক অস্ত্রবাজারে নিজেদের সক্ষমতা প্রমাণ করেছে। কোনো পশ্চিমা দেশের সম্ভাব্য অস্ত্রনিষেধাজ্ঞা বা প্রযুক্তিগত ব্ল্যাকমেইলের শিকার না হয়েই এই জোট যাতে সর্বাধুনিক অস্ত্র ও প্রযুক্তি উৎপাদন করতে পারে, তার প্রধান স্থপতি হলো আঙ্কারা।
তৃতীয়ত, পাকিস্তান এই জোটে যোগ করেছে মুসলিমবিশ্বের একমাত্র পারমাণবিক প্রতিরোধ সক্ষমতা (Nuclear Deterrence) এবং দীর্ঘ সামরিক অভিজ্ঞতায় সমৃদ্ধ এক বিশাল ও সুপ্রশিক্ষিত পদাতিক বাহিনী। এশিয়ার সংঘাতপূর্ণ সীমান্তগুলোতে যুদ্ধলব্ধ অভিজ্ঞতা এবং মধ্যপ্রাচ্যের সামরিক পরিমণ্ডলে কয়েক দশকের কার্যকর উপস্থিতির কারণে পাকিস্তানি সেনার উপস্থিতি এই জোটকে তাৎক্ষণিক কৌশলগত গভীরতা (Strategic Depth) এনে দিয়েছে। ২০২৫ খ্রিস্টাব্দের সেপ্টেম্বরে স্বাক্ষরিত পাকিস্তান-সৌদি ‘স্ট্র্যাটেজিক মিউচুয়াল ডিফেন্স অ্যাগ্রিমেন্ট’ (SMDA)-এর আওতায় ইতোমধ্যে হাজার হাজার পাকিস্তানি সেনা ও বিমান ইউনিট সৌদিতে মোতায়েন ছিল। মক্কা চুক্তির মাধ্যমে সেই দ্বিপক্ষীয় সম্পর্ক এখন তুরস্কের উন্নত প্রযুক্তির সাথে যুক্ত হয়ে একটি পূর্ণাঙ্গ ত্রিমাত্রিক সামরিক শক্তিতে রূপান্তরিত হলো।
এই যৌথ প্রতিরক্ষা চুক্তির কেবল একটি সামরিক দিকই নেই, বরং এর কৌশলগত ও অর্থনৈতিক সম্ভাবনা অত্যন্ত ব্যাপক। চুক্তিতে যৌথ সামরিক মহড়া, সমন্বিত গোয়েন্দা তথ্য বিনিময় এবং স্থল, নৌ ও আকাশপথের নিয়মিত টহলের পাশাপাশি সামরিক সরঞ্জাম যৌথভাবে গবেষণার ও উৎপাদনের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। এর অর্থ হলো, এখন থেকে সৌদি অর্থায়নে, তুর্কি নকশায় ও প্রযুক্তিতে এবং পাকিস্তানের প্রভূত ম্যানপাওয়ার ও উৎপাদন অবকাঠামো ব্যবহার করে ড্রোন, ক্ষেপণাস্ত্র ও যুদ্ধজাহাজ তৈরি হবে। এটি মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার প্রতিরক্ষা শিল্পকে আত্মনির্ভরশীল করে তুলবে। সামরিক সহযোগিতার সীমানা ছাড়িয়ে এই চুক্তি তিন দেশের দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বাণিজ্য, জ্বালানি নিরাপত্তা, প্রযুক্তি আদান-প্রদান এবং বিনিয়োগের খাতে এক বিশাল ইতিবাচক প্রভাব ফেলবে। ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতিতে থাকা পাকিস্তান যেমন সৌদি বিনিয়োগ ও তুর্কি প্রযুক্তিগত সহায়তায় লাভবান হবে, তেমনি তুরস্ক তার সামরিক পণ্যের বিশাল ও স্থায়ী বাজার খুঁজে পাবে। বিশ্বরাজনীতির টেবিলে এই তিন দেশ এককভাবে কথা না বলে এখন থেকে প্রায় ২০০ কোটি মুসলিমের প্রতিনিধিত্বকারী একটি শক্তিশালী জোট হিসেবে কথা বলবে, যা আন্তর্জাতিক কূটনীতিতে তাদের দরকষাকষির ক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেবে।
তবে এই উজ্জ্বল সম্ভাবনার পাশে বেশ কিছু জটিল ও সংবেদনশীল আঞ্চলিক চ্যালেঞ্জও ওত পেতে রয়েছে। এই চুক্তির প্রতি সবচেয়ে তীব্র ও তাৎক্ষণিক প্রতিক্রিয়া এসেছে প্রতিবেশী ইরানের কাছ থেকে। তেহরানের জাতীয় নিরাপত্তা কমিশন ও রাজনৈতিক মহল এই চুক্তিকে একটি কাগজের চুক্তি হিসেবে আখ্যা দিয়ে এর কঠোর সমালোচনা করেছে। ইরানের মূল দুশ্চিন্তা হলো— এই জোটটি যাতে তাদের চারপাশ থেকে ঘিরে ফেলার বা কৌশলগতভাবে অবরুদ্ধ (Encircle) করার কোনো পশ্চিমা অনুকূল সুন্নি অক্ষ না হয়ে ওঠে। ইরান মনে করে, মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে হলে তেহরানকে বাইরে রেখে তা সম্ভব নয়, কারণ তারা একা দাঁড়িয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক সক্ষমতাকে চ্যালেঞ্জ করতে পেরেছে। ফলে এই মক্কা জোটের সবচেয়ে বড় কূটনৈতিক পরীক্ষা হবে ইরানের সাথে কৌশলগত ভারসাম্য বজায় রাখা। তুরস্ক ইতোমধ্যে স্পষ্ট করার চেষ্টা করেছে যে, এই চুক্তি কোনো নির্দিষ্ট দেশকে লক্ষ্য করে করা হয়নি এবং এটি সম্পূর্ণ প্রতিরক্ষামূলক। তবে আঞ্চলিক দ্বন্দ্ব যদি শিয়া-সুন্নি মেরুকরণে রূপ নেয়, তবে মধ্যপ্রাচ্য নতুন এক দীর্ঘস্থায়ী প্রক্সি ওয়ার বা প্রচ্ছায়া যুদ্ধে জড়িয়ে পড়তে পারে।
আঞ্চলিক স্তরে আরেকটি বড় দুশ্চিন্তা দেখা দিয়েছে ভারতের কূটনৈতিক ও গোয়েন্দা মহলে। ভারতের উদ্বেগের মূল কারণ হলো, কৌশলগত শরিক হিসেবে সৌদি আরবের সাথে নয়াদিল্লির বহুমাত্রিক অর্থনৈতিক ও জ্বালানি সম্পর্ক থাকা সত্ত্বেও, এই চুক্তির মাধ্যমে পাকিস্তানের আঞ্চলিক অবস্থান ও আত্মবিশ্বাস প্রভূত পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। তুরস্ক ও পাকিস্তানের মধ্যে ড্রোন, করভেট যুদ্ধজাহাজ এবং নিখুঁত লক্ষ্যভেদী প্রযুক্তির যে দ্রুত বিনিময় ঘটছে, তাতে সৌদি অর্থায়ন যুক্ত হলে পাকিস্তানের সামরিক আধুনিকায়ন আরও ত্বরান্বিত হবে। এটি দক্ষিণ এশিয়ায় ভারত-পাকিস্তান সামরিক ভারসাম্যে এক নতুন উদ্দীপনা সৃষ্টি করবে। ভারতকে এখন অত্যন্ত সতর্কতার সাথে কূটনৈতিক পদক্ষেপ নিতে হবে যাতে তাদের বাণিজ্য ও লোহিত সাগর-হরমুজ প্রণালির সমুদ্রপথের নিরাপত্তায় কোনো ব্যাঘাত না ঘটে এবং একই সাথে রিয়াদের সাথে তাদের দ্বিপক্ষীয় সম্পর্ক ক্ষতিগ্রস্ত না হয়।
পাশাপাশি, ওয়াশিংটন এবং পশ্চিমা শক্তিগুলোর প্রতিক্রিয়াও এই জোটের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মার্কিন যুক্তরাষ্ট্র বা তাদের ন্যাটো মিত্ররা যদি দেখে যে তাদের ন্যাটোর অন্যতম প্রধান শরিক তুরস্ক এবং দীর্ঘদিনের মিত্র সৌদি আরব তাদের নিরাপত্তা বলয় থেকে বেরিয়ে গিয়ে নিজস্ব ও নিরপেক্ষ একটি পরাশক্তি জোট গড়ে তুলছে, তবে তারা এটিকে বৈশ্বিক ক্ষমতার বিন্যাসে সরাসরি চ্যালেঞ্জ হিসেবে দেখতে পারে। বিশেষ করে ওয়াশিংটনের অস্ত্র বিক্রয় শিল্পের জন্য এটি হবে এক বিশাল বাণিজ্যিক ও ভূরাজনৈতিক ধাক্কা। মার্কিন নীতি নির্ধারকরা এই জোটের ওপর কতটুকু রাজনৈতিক বা অর্থনৈতিক চাপ সৃষ্টি করবে, কিংবা একে কতটুকু মেনে নেবে— তা দেখার বিষয়। এছাড়া, চুক্তিতে একটি স্পষ্ট আত্মরক্ষামূলক ধারা থাকলেও, এখনো কোনো ন্যাটোর মতো স্থায়ী সমন্বিত যৌথ সেনাকমান্ড (Unified Military Command), স্থায়ী সদর দপ্তর বা ‘কুইক রিয়াকশন ফোর্স’ গঠিত হয়নি। বাস্তবে সংকটকালে এই তিনটি দেশের রাজনীতিকদের সিদ্ধান্ত কত দ্রুত সমন্বিত সামরিক পদক্ষেপে রূপ নেবে— তা বাস্তব অগ্নিপরীক্ষার মুখোমুখি হওয়া বাকি।
‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ মধ্যপ্রাচ্যে দশকের পর দশক ধরে বিদ্যমান মার্কিন একচ্ছত্র আধিপত্য ও ‘রক্ষাকর্তা’ ভূমিকার অকার্যকারিতা ও অবসানের স্পষ্ট ইঙ্গিত দেয়। অর্থনৈতিক সামর্থ্য, উন্নত প্রযুক্তি এবং পারমাণবিক প্রতিরক্ষার সমন্বয়ে গঠিত এই জোট কেবল সদস্য তিনটি দেশের সার্বভৌমত্বই রক্ষা করবে না, বরং সমগ্র মুসলিমবিশ্বের স্বার্থ সুরক্ষায় এক বিশাল প্রাক-প্রতিরোধ (Deterrence) ব্যবস্থা হিসেবে কাজ করতে পারে। তবে চুক্তিটিকে সফল করতে হলে একে কেবল রাজনৈতিক বিবৃতি বা ভূরাজনৈতিক মহড়ার মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না; বাস্তবমুখী যৌথ সেনাকাঠামো গঠন, পারস্পরিক অর্থনৈতিক অগ্রগতি এবং বিশেষ করে ইরানের সাথে অপ্রয়োজনীয় সংঘাত এড়িয়ে একটি অন্তর্ভুক্তিমূলক আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলাই হবে এই নতুন উদীয়মান জোটের জন্য প্রধান পরীক্ষা। এ পরীক্ষায় উত্তীর্ণ হলে মক্কা চুক্তি শুধু তিন দেশের নিরাপত্তার দলিল না হয়ে বৃহত্তর আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও সহযোগিতার নতুন সম্ভাবনার নাম হয়ে উঠতে পারে।
পূর্বকোণ/আদর















