চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

চুরির নাটক সাজিয়ে হাফেজকে নির্যাতন, ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ৪

চুরির নাটক সাজিয়ে হাফেজকে নির্যাতন, ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ৪

রাঙ্গুনিয়া সংবাদদাতা

১৫ এপ্রিল, ২০২৬ | ১১:২১ অপরাহ্ণ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় চুরির মিথ্যা অভিযোগ তুলে এক মুয়াজ্জিনকে অমানবিক নির্যাতন, হাত-পায়ের নখ উপড়ে ফেলা এবং সেই দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে ৪ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

বুধবার (১৫ এপ্রিল) তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

সোমবার (১৩ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার ৬ নং পোমরা ইউনিয়নের মালিরহাট বেলাল পাড়া জামে মসজিদের সামনে এই বর্বরোচিত ঘটনা ঘটে। ভিকটিম আব্দুল শাকুর (৩২) একজন হাফেজে কোরআন এবং পেশায় মুয়াজ্জিন। বর্তমানে কর্মহীন থাকায় ওই মসজিদে মুয়াজ্জিন নিয়োগের খবর পেয়ে সেখানে গিয়েছিলেন।

 

সেখানে গেলে কিছু দুষ্কৃতকারী তাকে মসজিদের মাইকের স্পিকার ও ব্যাটারি চুরির অপবাদ দেয়। এরপর তাকে মসজিদের সামনে খুঁটির সাথে বেঁধে লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করা হয়। নৃশংসতার এক পর্যায়ে লোহার প্লাস দিয়ে তার হাতের আঙ্গুলের নখসহ শরীরের বিভিন্ন অংশের মাংস টেনে ছিঁড়ে ফেলা হয়। গুরুতর জখম অবস্থায় তাকে জোরপূর্বক চুরির স্বীকারোক্তি দিতে বাধ্য করা হয় এবং সেই ভিডিও মোবাইলে ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়, যা এলাকায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি করে।

 

এই ঘটনায় আহতের বোন নাছিমা আক্তার বাদী হয়ে রাঙ্গুনিয়া মডেল থানায় মামলা দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে ঘটনায় জড়িত ৪ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তাররা হলেন— মো. জহির আহম্মদ (৪৮), মো. ওসমান (৩৩), মো. জসিম (৩৭) এবং মো. আব্বাস উদ্দিন (৪৩)। তারা সবাই পোমরা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দা।

 

রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান হোসেন জানান, আসামিদের বিরুদ্ধে বেআইনি বাধা প্রদান, স্বেচ্ছায় গুরুতর আঘাত, বিপজ্জনক অস্ত্র ব্যবহার, হত্যাচেষ্টা এবং সাইবার সুরক্ষা অধ্যাদেশ আইনে মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট