
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা ও চট্টগ্রামের সাবেক সিটি মেয়র মঞ্জুরুল আলমের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) সাবেক মেয়র মঞ্জুরুল আলমের আমন্ত্রণে তাঁর চট্টগ্রামের বাসভবনে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বৈঠকে তারা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং ভবিষ্যৎ সাংগঠনিক বিভিন্ন কার্যক্রম নিয়ে বিস্তারিত মতবিনিময় করেন। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে উভয় নেতাই আগামী দিনে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। সংশ্লিষ্ট রাজনৈতিক মহল মনে করছেন, দুই নেতার এই হৃদ্যতাপূর্ণ সাক্ষাৎ রাজনৈতিক অঙ্গনে একটি ইতিবাচক বার্তা বহন করবে।
এই সাক্ষাতের বিষয়ে জানতে চাইলে জাতীয় নাগরিক পার্টির চট্টগ্রাম মহানগর সমন্বয়কারী সদস্য ও মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী রিদুয়ান হৃদয় বলেন, হাসনাত আবদুল্লাহ মূলত ব্যক্তিগত কাজে চট্টগ্রামে এসেছিলেন। এ সময় সাবেক মেয়র মঞ্জুরুল আলমের আমন্ত্রণে সাড়া দিয়ে তিনি তাঁর সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। আগামীর রাজনীতি হবে এমন সৌহার্দপূর্ণ ও জনগণের।
পূর্বকোণ/কায়ছার/পারভেজ