চট্টগ্রাম শনিবার, ১৪ মার্চ, ২০২৬

উখিয়ায় ভাবি খুনের ঘটনায় দেবর গ্রেপ্তার

উখিয়ায় ভাবি খুনের ঘটনায় দেবর গ্রেপ্তার

উখিয়া সংবাদদাতা

১৩ মার্চ, ২০২৬ | ১১:৩৭ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়ায় গৃহবধূ জদিদা আক্তার (২২) হত্যার ক্লুলেস মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ।

 

গত বুধবার (১১ মার্চ) ভোরে উপজেলার পালংখালী ইউনিয়নের মুছারখোলা এলাকায় নিজ ঘর থেকে জদিদার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।

 

এই হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের দেবর নুর শাহিনকে (১৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

 

মামলার এজাহার ও পুলিশি জিজ্ঞাসাবাদ সূত্রে জানা যায়, প্রায় পাঁচ বছর আগে দিনমজুর শফিকুল ইসলামের সঙ্গে জদিদা আক্তারের বিয়ে হয় এবং তাঁদের দুটি সন্তান রয়েছে। ঘটনার প্রায় ২০ দিন আগে শফিকুল কাজের প্রয়োজনে বান্দরবানে যান। গত বুধবার সেহরি খাওয়ার জন্য ডাকতে গিয়ে পরিবারের সদস্যরা জদিদাকে ঘরের মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাঁর গলায় ও মাথায় ধারালো অস্ত্রের আঘাত ছিল।

 

গ্রেপ্তারকৃত নুর শাহিন পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছেন যে, তিনি তাঁর ভাবি জদিদার কাছে ৫০০ টাকা ধার চেয়েছিলেন। টাকা দিতে অস্বীকৃতি জানানোয় ক্ষুব্ধ হয়ে তিনি জদিদাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন।

 

উখিয়া থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল আজাদ জানান, তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে পালংখালী ইউনিয়নের গয়ালমারা এলাকার এমএসএফ হাসপাতালের পাশ থেকে নুর শাহিনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যমতে, মুছারখোলা এলাকার চিত্তাখোলা খালের পাড় থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ২১ ইঞ্চি লম্বা একটি ধারালো দা উদ্ধার করা হয়।

 

এ ঘটনায় নিহতের বাবা নুরুল ইসলাম বাদী হয়ে উখিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছিলেন।

 

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান জানিয়েছেন, গ্রেপ্তারকৃত আসামিকে শুক্রবার বিকেলে আদালতে প্রেরণ করা হলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বর্তমানে মামলাটির অধিকতর তদন্ত অব্যাহত রয়েছে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট