চট্টগ্রাম মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬

কুতুবদিয়ায় কিশোর জেলে হত্যার হোতা আরিফ কক্সবাজারে গ্রেপ্তার

কুতুবদিয়ায় কিশোর জেলে হত্যার হোতা আরিফ কক্সবাজারে গ্রেপ্তার

কক্সবাজার সংবাদদাতা

২ মার্চ, ২০২৬ | ৯:৪৪ অপরাহ্ণ

কক্সবাজারের কুতুবদিয়ায় কিশোর জেলে হত্যার  মূল হোতা এবং একাধিক মামলার আসামি আরিফকে (৩২) গ্রেপ্তার করেছে র‍্যাব।

 

সোমবার (২ মার্চ) ভোর রাতে কক্সবাজার পৌরসভা এলাকায় এক বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আরিফ শহরের পেশকারপাড়া এলাকার চিহ্নিত অপরাধী ‘কসাই শাহাজাহান’-এর ছেলে বলে জানা গেছে।

 

র‍্যাব জানায়, গত ২৫ ফেব্রুয়ারি কুতুবদিয়ার ‘গুলির ধার’ নামক স্থানে ‘এফবি অজুফা আক্তার মানু’ নামক একটি ফিশিং বোটে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়। আরিফের নেতৃত্বে একদল সশস্ত্র ডাকাত ওই বোটটিকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে সজোরে ধাক্কা মারে। এতে বোটের কিশোর স্টাফ শাহাদাত হোসেন খোকন (১৭) ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়। ডাকাত দল ওই বোট থেকে প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

 

র‍্যাব-১৫-এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক জানান, আরিফ একজন পেশাদার ও দুর্ধর্ষ অপরাধী। তাঁর বিরুদ্ধে কক্সবাজার, ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, অস্ত্র ও মাদক সংক্রান্ত অন্তত ৮টি মামলা রয়েছে। শাহাদাত হত্যাকাণ্ডের পর থেকেই র‍্যাব তাঁর ওপর গোয়েন্দা নজরদারি বাড়িয়েছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরিফ ওই হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

 

গ্রেপ্তারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট