
চট্টগ্রামের লোহাগাড়ায় ফসলি জমির টপসয়েল কাটার দায়ে রেজাউল করিম নামে এক যুবককে ১০ হাজার টাকা অর্থদণ্ড ও ৭ দিনের কারাদণ্ড দিয়েছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এসময় একটি এস্কেভেটরও জব্দ করা হয়েছে।
রবিবার (১ মার্চ) গভীর রাতে উপজেলার চরম্বা ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অর্থদণ্ড ও কারাদণ্ডপ্রাপ্ত রেজাউল করিম উপজেলার চরম্বা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নুর কাশেম বাড়ির মৃত নুর আহমদের ছেলে।
অভিযানে নেতৃত্ব দেন লোহাগাড়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সাইফুল ইসলাম। এ সময় তার সাথে সেনাবাহিনী লোহাগাড়া থানা পুলিশের সদস্য, আনসার সদস্য ও ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম জানান, অভিযানের খবর পেয়ে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়। মাটিখেকোদের নিকট অভিযানের তথ্য সরবরাহ করার অভিযোগ প্রমাণিত হওয়ায় এক যুবককে অর্থদণ্ড ও কারাদণ্ড দেওয়া হয়। ঘটনাস্থল থেকে এটি এস্কেভেটর জব্দ করা হয়। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
পূর্বকোণ/পিআর