
সেন্টমার্টিন সংলগ্ন গভীর সমুদ্রে অভিযান চালিয়ে মালয়েশিয়াগামী ১৫৩ জন যাত্রীকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। এই ঘটনায় মানব পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৫ জন পাচারকারী আটক করা হয়েছে।
কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত গভীর রাত ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সেন্টমার্টিনের দক্ষিণ-পশ্চিম গভীর সমুদ্রে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন একটি সন্দেহজনক বোটকে থামার সংকেত দিলে সেটি পালানোর চেষ্টা করে। পরবর্তীতে ধাওয়া করে সেন্টমার্টিনের দক্ষিণ-পূর্ব সমুদ্র এলাকা থেকে বোটটি আটক করা হয়। তল্লাশি চালিয়ে বোট থেকে নারী ও শিশুসহ মোট ১৫৩ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। একই সাথে পাচারকাজে জড়িত ১৫ জনকে আটক করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, কয়েকটি সংঘবদ্ধ পাচারকারী চক্র উন্নত জীবনযাপন ও উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে টেকনাফসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের পরিকল্পনা করেছিল।
উদ্ধারকৃত ব্যক্তি এবং আটককৃত পাচারকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে।
পূর্বকোণ/সিজান/পারভেজ