
বান্দরবানে পাহাড় কাটা ও বনাঞ্চল উজাড় করে অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ে ৫ জন মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে পরিবেশ আদালত।
রবিবার (১ মার্চ) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও পরিবেশ আদালতের বিশেষ বিচারক মো. আনোয়ার হোসেন এই আদেশ দেন।
পরোয়ানাভুক্তদের মধ্যে থানচির এমএসবি, আলীকদমের এবিএম, ইউবিএম, এফবিএম এবং নাইক্ষ্যংছড়ির বিবিএম ভাটার মালিকরা রয়েছেন।
পরিবেশ অধিদপ্তরের তথ্যমতে, জেলায় কোনো অনুমোদন ছাড়াই গড়ে ওঠা ৭০টি অবৈধ ইটভাটার মধ্যে ৪২টি বর্তমানে সচল। ইতিমধ্যে এসব ভাটার বিরুদ্ধে ৮টি মামলা করা হয়েছে এবং ৮০ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
জেলা প্রশাসক শামীম আরা রিনি জানান, বারবার অভিযান ও জরিমানা সত্ত্বেও মালিকরা পরিবেশ আইন লঙ্ঘন করে কার্যক্রম চালিয়ে যাওয়ায় এই কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতিপূর্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কিছু ভাটা গুঁড়িয়ে দেওয়া হলেও সেগুলোকে পুরোপুরি বন্ধ করা সম্ভব হয়নি।
পূর্বকোণ/সিজান/পারভেজ