
চট্টগ্রামের সীতাকুণ্ডে আবুল খায়ের স্টিল (একেএস) কারখানায় সশস্ত্র ডাকাতvf হামলা চালিয়েছে। এ সময় ডাকাতদের বাধা দিতে গিয়ে ৫ জন নিরাপত্তা কর্মী গুরুতর আহত হয়েছেন।
এ ঘটনায় শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে কারখানা কর্তৃপক্ষ বাদী হয়ে সীতাকুণ্ড থানায় একটি মামলা দায়ের করেছে। মামলায় ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২৫-৩০ জনকে আসামি করা হয়েছে। মামলায় আসামিরা হলেন উপজেলার শীতলপুরের মো. রাজিব, মো. রাজু, মান্না, রবিউল হোসেন, মো. বাছা মিয়া, মো. ইমন, সুমন, রাকিব, মো. ফারুক ও ইমন
মামলার এজাহার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত আনুমানিক পৌনে ১টার দিকে সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর এলাকার একেএস কারখানার দক্ষিণ পাশ দিয়ে একদল সশস্ত্র ডাকাত ভেতরে প্রবেশের চেষ্টা করে। এ সময় নিরাপত্তাকর্মী ও কর্মচারীরা বাধা দিলে ডাকাতরা রেললাইনের ওপর থেকে পাথর নিক্ষেপ করতে থাকে।
একপর্যায়ে রাত ১টার দিকে কারখানার প্রধান ফটক, অফিস রুম ও আসবাবপত্র ভাঙচুর করে ভেতরে ঢুকে পড়ে ডাকাতদল। তারা কারখানার ভিতরে ঢুকে একটি পিকআপ ভাঙচুর করে নগদ ২০ হাজার টাকা লুটে নেয়। পরে কারখানার কর্মী ও গ্রামবাসীর ধাওয়ায় ডাকাতরা পালিয়ে যায়।
মামলার বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহিনুল ইসলাম জানান, হামলার ঘটনায় মামলা রেকর্ড করা হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
পূর্বকোণ/কায়ছার/পারভেজ