
রাউজানে অস্বাস্থ্যকর পরিবেশে নকল নুডলস, সফট ড্রিংক পাউডার ও টেস্টি স্যালাইন উৎপাদনের অভিযোগে একটি কারখানা সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় উৎপাদন কার্যক্রমে জড়িত পাঁচজনকে আটক করা হয়।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার নোয়াপাড়া পথেরহাট এলাকার চট্টগ্রাম-কাপ্তাই সড়ক সংলগ্ন মিয়া মার্কেটের পেছনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. রাহাতুল ইসলাম।
অভিযানে দেখা যায়, বাইরে থেকে দরজা বন্ধ রেখে ভাড়ার একটি দোকানের ভেতরে বৃহৎ পরিসরে পণ্য উৎপাদন ও মোড়কজাত কার্যক্রম চলছিল।
অভিযান সূত্রে জানা যায়, আসন্ন রমজানকে সামনে রেখে বাজারজাতের উদ্দেশ্যে অবৈধভাবে এসব পণ্য প্রস্তুত করা হচ্ছিল। উৎপাদিত পণ্যের মোড়কে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর লোগো ব্যবহার করা হলেও কোনো বৈধ অনুমোদন বা হালনাগাদ সনদ পাওয়া যায়নি।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. রাহাতুল ইসলাম বলেন, কোনো পণ্যেরই বৈধ নিবন্ধন বা সনদ ছিল না। অস্বাস্থ্যকর পরিবেশে অনুমোদনহীন উৎপাদনের দায়ে কারখানাটি তাৎক্ষণিক সিলগালা করা হয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিএসটিআইয়ের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিদর্শক (মেট্রোলজি) সাঈদ আহমেদ তালুকদার জানান, সফট ড্রিংক পাউডারের সনদ হালনাগাদ ছিল না এবং নুডলসের কোনো সনদই পাওয়া যায়নি। এছাড়া পণ্যের মোড়কজাত নিবন্ধন সনদও অনুপস্থিত ছিল।
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। প্রশাসন জানিয়েছে, ভেজাল ও নকল পণ্যের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পূর্বকোণ/পারভেজ