চট্টগ্রাম শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬

সর্বশেষ:

জনসেবা করতে এসেছি, ক্ষমতা দেখাতে নয়: ব্যারিস্টার মীর হেলাল

জনসেবা করতে এসেছি, ক্ষমতা দেখাতে নয়: ব্যারিস্টার মীর হেলাল

হাটহাজারী সংবাদদাতা

১৩ ফেব্রুয়ারি, ২০২৬ | ৮:৫০ অপরাহ্ণ

হাটহাজারী থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হাটহাজারীতে বিএনপির নাম ব্যবহার করে কাউকে কোনো ধরনের অনিয়ম, অপরাধ বা চাঁদাবাজি করতে দেওয়া হবে না। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, দলের বদনাম হয় এমন কোনো কাজের সঙ্গে জড়িতদের আর আলাদা করে সতর্ক করা হবে না।

 

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) পৌরসভার মীরেরখিলস্থ মীর বাড়িতে এক দোয়া ও শোকরানা মাহফিলে তিনি এসব কথা বলেন।

 

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর মাগফিরাত কামনায় এবং তারেক রহমানের নেতৃত্বে বিএনপির ভূমিধস বিজয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

দলীয় নেতাকর্মী ও প্রশাসনের উদ্দেশ্যে মীর হেলাল বলেন, “আমি মানুষের সেবা করতে এসেছি, ক্ষমতা দেখাতে আসিনি”। তিনি আরও উল্লেখ করেন যে, এর আগে রাষ্ট্রীয় দায়িত্বে না থাকলেও এখন হাটহাজারীর মানুষ তাকে বিপুল ভোটে বিজয়ী করে আমানত তুলে দিয়েছেন এবং প্রয়োজনে জীবন দিয়ে হলেও তিনি এই আমানত ও পদের মর্যাদা রক্ষা করবেন।

 

জনদুর্ভোগ লাঘবে তিনি কঠোর অবস্থান ঘোষণা করে বলেন, যেখানে-সেখানে দোকান বা ভ্যান বসিয়ে যানজট সৃষ্টি করে জনভোগান্তি বাড়ানো যাবে না। এছাড়া, হাটহাজারীকে পরিচ্ছন্ন করতে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সকল ব্যানার ও ফেস্টুন সরিয়ে ফেলার অনুরোধ জানান তিনি।

 

হাটহাজারীর সার্বিক উন্নয়নের লক্ষ্যে তিনি আগামী ১৫ দিনের মধ্যে বিএনপির নেতৃবৃন্দ ও সমাজের গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে একটি ‘উন্নয়ন সমন্বয় কমিটি’ গঠনের ঘোষণা দেন।

 

তিনি দৃঢ়ভাবে বলেন, কেউ অপরাধ করলে তার পক্ষে বিএনপির কোনো নেতার সুপারিশ বা অনুরোধ তিনি গ্রহণ করবেন না।

 

অনুষ্ঠানে হাটহাজারী উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব নূর মোহাম্মদ, সদস্য সচিব গিয়াস উদ্দিন চেয়ারম্যান, পৌরসভা বিএনপির আহবায়ক জাকির হোসেন এবং উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোহাম্মদ সেলিম চেয়ারম্যানসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট