বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ রাব্বী (২২) হত্যা মামলায় তার রুমমেট মিজানুর রহমানের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার (২৩ অক্টোবর) ঢাকা মহানগর হাকিম বাকী বিল্লাহ শুনানি শেষে এ রিমান্ডের আদেশ দেন। মিজান বুয়েটের ওয়াটার রিসোর্সেস ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। ১০ অক্টোবর তাকে আটক করা হয়। ওই সময় অসুস্থ থাকায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
কারাগারে থাকা অবস্থায় মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক (নিরস্ত্র) মো. ওয়াহিদুজ্জামান সাত দিনের রিমান্ড আবেদন করেন। যার উপর আজ বুধবার শুনানি শেষে রিমান্ড মঞ্জুর হলো। রিমান্ড আবেদনের শুনানিকালে আসামি মিজানের পক্ষে কোনো আইনজীবী ছিল না। মামলাটিতে এ পর্যন্ত ৮ জন শিক্ষার্থী স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তারা হলেন; বুয়েট ছাত্রলীগের তথ্য ও গবেষণা সম্পাদক মো. অনিক সরকার, উপ-সমাজসেবা বিষয়ক সম্পাদক ইফতি মোশাররেফ সকাল, ক্রীড়া সম্পাদক মো. মেফতাহুল ইসলাম জিয়ন, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান রবিন, মো. মনিরুজ্জামান মনির, খন্দকার তাবাখখারুল ইসলাম তানভীর, শিক্ষার্থী মো. মুজাহিদুর রহমান ও এএসএম নাজমুস সাদাত ।
উল্লেখ্য, আবরার বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের (১৭তম ব্যাচ) ছাত্র ছিলেন। তিনি থাকতেন বুয়েটের শেরেবাংলা হলের নিচতলার ১০১১ নম্বর কক্ষে। ৬ অক্টোবর একই হলের ২০১১ নম্বর কক্ষে তাকে নির্যাতন করে হত্যা করা হয়। রাত ৩টার দিকে হল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। হত্যাকাণ্ডের পর ১৯ জনকে আসামি করে ৭ অক্টোবর সন্ধ্যার পর চকবাজার থানায় একটি হত্যা মামলা করেন আবরারের বাবা বরকত উল্লাহ।
পূর্বকোণ/এম


















