সিরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশের বুর্জ আল নিমরা এলাকায় একটি অস্ত্রের ডিপোতে বিস্ফোরণের ঘটনায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১১ জন।
বুধবার (৯ সেপ্টেম্বর) দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশনের খবরে এই তথ্য জানানো হয়েছে।
ইদলিবের প্রাদেশিক প্রশাসনের স্বাস্থ্য বিভাগ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, “সারমাদা শহরের কাছে অস্ত্র ও যুদ্ধের অবশিষ্টাংশ সংগ্রহের একটি অস্থায়ী গুদামে বিস্ফোরণের ঘটনায় প্রাথমিক হিসাবে ১৪ জন নিহত ও ১১ জন আহত হয়েছেন।”
সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গণমাধ্যম শাখা এর আগে রাষ্ট্রীয় টেলিভিশনকে জানিয়েছিল যে, এই ঘটনায় মন্ত্রণালয়ের বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন।
সিরীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ছবি ও ভিডিওতে বিস্ফোরণস্থল থেকে ওঠা কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী দেখা গেছে। উদ্ধারকর্মীদের দ্রুত ঘটনাস্থলের দিকে ছুটে যেতেও দেখা গেছে।
চলতি সেপ্টেম্বর মাসে ইদলিবে এটি দ্বিতীয় প্রাণঘাতী বিস্ফোরণের ঘটনা; এর আগে বিন্নিশ শহরে গোলাবারুদবাহী একটি গাড়ির বিস্ফোরণে পাঁচজন নিহত হয়েছিল।
সে সময় সরকারি একটি সূত্র এএফপি-কে জানিয়েছিল যে গাড়িটি এক অস্ত্র ব্যবসায়ীর মালিকানাধীন ছিল, তবে কর্তৃপক্ষ বিস্ফোরণের কারণ সম্পর্কে কিছু জানায়নি।
ইদলিবে গোলাবারুদবাহী গাড়ি বা অস্ত্রের গুদামে বিস্ফোরণের ঘটনা মাঝেমধ্যেই ঘটে থাকে। ২০২৪ সালের ডিসেম্বরে দীর্ঘদিনের শাসক বাশার আল-আসাদের পতন ঘটার আগে, দেশটির ১৩ বছরেরও বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধের সময় এই প্রদেশটি ছিল সরকারবিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোর অন্যতম প্রধান ঘাঁটি।
সূত্র : এএফপি, আরব নিউজ
পূর্বকোণ/রাকিব

















