চট্টগ্রাম রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৬

ইরান-যুক্তরাষ্ট্র জাহাজে পাল্টাপাল্টি হামলা, উত্তেজনা তুঙ্গে

জাহাজে ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, উত্তেজনা তুঙ্গে

আন্তর্জাতিক ডেস্ক

৬ সেপ্টেম্বর, ২০২৬ | ২:০২ অপরাহ্ণ

ইরান সংলগ্ন সমুদ্রপথে জাহাজ লক্ষ্য করে একে অপরের ওপর হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। শনিবার মার্কিন বাহিনী ইরানের তিনটি তেল ট্যাংকারে আঘাত হানে, আর তার আগে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দুটি মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানা গেছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ডের হামলার একটি চালানো হয় ইরানের প্রধান তেল রপ্তানি বন্দর খার্গ দ্বীপের কাছাকাছি এলাকায়। বাহিনীর প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার হুঁশিয়ারি দিয়ে বলেন, মার্কিন জাহাজে আঘাত হানার প্রতিটি ঘটনার জবাবে তারা আরও কঠোরভাবে প্রতিশোধ নেবে।

জবাবে আইআরজিসি আরও বড় ধরনের পাল্টা হামলার হুমকি দেয় এবং জানায়, তারা তিনটি তেলবাহী জাহাজসহ যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত আরও কয়েকটি জাহাজকে লক্ষ্যবস্তু করেছে।

ইরানি বার্তা সংস্থা তাসনিমের বরাতে জানা যায়, খার্গ দ্বীপ এলাকায় একটি ট্যাংকারে চারটি ক্ষেপণাস্ত্র আঘাত হানলেও কোনো প্রাণহানি ঘঠেনি; ঘটনার সময় জাহাজের কর্মীদের নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছিল। যুক্তরাষ্ট্রও নিশ্চিত করেছে যে তাদের কোনো সেনাসদস্য আহত হয়নি।

খার্গ দ্বীপ ঘিরে উত্তেজনার মাঝে নতুন ভাবে হামলার ঘটনা ঘটে। গত ৩১ আগস্ট প্রেসিডেন্ট ট্রাম্প সামাজিক মাধ্যমে একটি এআই-নির্মিত ভিডিও পোস্ট করেন, যাতে দ্বীপটি বিধ্বস্ত অবস্থায় দেখানো হয়। এর আগে জুন মাসে দ্বীপ দখলের ইঙ্গিত দিলেও পরে তিনি সে পরিকল্পনা থেকে সরে আসেন।

যুদ্ধের আগে ইরানের মোট অপরিশোধিত তেল রপ্তানির প্রায় ৯০ শতাংশ যেত খার্গ দ্বীপ হয়ে। এপ্রিলে যুক্তরাষ্ট্র নৌ-অবরোধ শুরু করার পর থেকে এই রপ্তানি ব্যাপকভাবে ব্যাহত হয়েছে, আর ইরান হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে দেওয়ার পর যুক্তরাষ্ট্র অবরোধ আরও জোরদার করে — যে প্রণালি দিয়ে যুদ্ধপূর্ব সময়ে বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ চলাচল করত।

এই সংঘাত জ্বালানি বাজারেও অস্থিরতা ছড়িয়েছে, শুক্রবার ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৯৬.২৮ ডলারে পৌঁছায়, যা গত ২৪ জুলাইয়ের পর সর্বোচ্চ। আসন্ন নভেম্বরের কংগ্রেশনাল নির্বাচনের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রে যুদ্ধবিরোধী জনমতও ক্রমশ জোরালো হচ্ছে।

পূর্বকোণ/আদর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট