চট্টগ্রাম শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬

কেরালায় সড়ক দুর্ঘটনায় ৮ প্রকৌশল শিক্ষার্থী নিহত

কেরালার সড়কে ৮ প্রকৌশল শিক্ষার্থী নিহত

অনলাইন ডেস্ক

৫ সেপ্টেম্বর, ২০২৬ | ১২:১৩ অপরাহ্ণ

ভারতের কেরালায় সড়ক দুর্ঘটনায় তামিলনাড়ুর দিন্দিগুলের একটি প্রকৌশল কলেজের আট শিক্ষার্থী নিহত হয়েছেন। শনিবার (৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়, শুক্রবার রাত প্রায় ১১টা ৪০ মিনিটে কৈপামঙ্গলম এলাকার পানাম্বিকুন্নুতে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, মহারাষ্ট্রের নিবন্ধিত লরিটি মহাসড়কের ডান পাশে অবৈধভাবে পার্ক করা ছিল। ওই স্থানে সড়ক নির্মাণকাজ চলায় ব্যারিকেড দিয়ে যান চলাচল অন্যদিকে সরিয়ে দেওয়া হয়েছিল।

এফআইআরে বলা হয়েছে, শিক্ষার্থীদের গাড়িটি উচ্চ গতিতে চলছিল এবং চালক সম্ভবত সড়কের পরিবর্তিত পথের ব্যারিকেড দেখতে পাননি। এরপর গাড়িটি লরির পেছনে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ছয় শিক্ষার্থী মারা যান। গুরুতর আহত আরও দুজনকে কাছের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন।

 

নিহতরা সবাই দিন্দিগুলের একটি প্রকৌশল কলেজের শিক্ষার্থী ছিলেন। পুলিশ ছয়জনের পরিচয় শনাক্ত করেছে। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা, দমকল ও উদ্ধারকর্মী এবং পুলিশ যৌথভাবে ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাড়ি থেকে শিক্ষার্থীদের মরদেহ উদ্ধার করেন। পরে মরদেহগুলো থ্রিসুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় কাইপামঙ্গলম থানায় লরিচালকের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১০৫ ধারায় অনিচ্ছাকৃতভাবে প্রাণহানির অভিযোগে মামলা হয়েছে। দুর্ঘটনার পর থেকেই চালক পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

 

উদ্ধার করা শিক্ষার্থীদের পরিচয়পত্রের মাধ্যমে তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। পুলিশ জানায়, কয়েকটি পরিবার এমনকি জানত না যে তাদের সন্তানরা কেরালায় ভ্রমণে গিয়েছিলেন। পরিবারের সদস্যরা থ্রিসুর মেডিকেল কলেজে পৌঁছানোর পর মরদেহগুলোর ময়নাতদন্ত শুরু হবে বলে জানিয়েছে পুলিশ।

সূত্র: এনডিটিভি

পূর্বকোণ/নুসরাত

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট