চট্টগ্রাম শুক্রবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

অলৌকিক : নেপালে টানেল থেকে যেভাবে উদ্ধার দুই শ্রমিক

‘অলৌকিক’ : নেপালে টানেল থেকে যেভাবে উদ্ধার দুই শ্রমিক

অনলাইন ডেস্ক

৪ সেপ্টেম্বর, ২০২৬ | ১০:৪১ অপরাহ্ণ

কাঠমান্ডুর ত্রিশূলী ৩এ জলবিদ্যুৎ প্রকল্পের অভ্যন্তরে দীর্ঘদিন কোনো সাড়া না মেলায় যখন বেঁচে থাকার আশা ফিকে হয়ে আসছিল, ঠিক তখনই শুক্রবার দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এই ঘটনাকে উদ্ধারকর্মীরা ‘অলৌকিক’ হিসেবে আখ্যায়িত করেছেন এবং এখন প্রকল্পের ভেতরের অন্যান্য টানেলে আটকে থাকা বাকি শ্রমিকদের খুঁজে পাওয়ার নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।

 

নেপালের জ্বালানিমন্ত্রী বিরাজ ভক্ত শ্রেষ্ঠ এক বিবৃতিতে জোর দিয়ে বলেছেন, যতদিন শ্বাস আছে, ততদিন আশাও আছে। ক্ষতিগ্রস্ত প্রকল্পগুলোর সবকটি টানেলেই উদ্ধার অভিযান পুরোদমে চলছে এবং কর্তৃপক্ষ হাল ছাড়েনি।

 

উদ্ধার অভিযানে অস্ট্রেলিয়া থেকে প্রযুক্তিগত পরামর্শ দিয়েছেন ইন্টারন্যাশনাল টানেলিং অ্যান্ড আন্ডারগ্রাউন্ড স্পেস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আর্নল্ড ডিক্স। তিনি জানান, টানা ২৪ ঘণ্টার রুদ্ধশ্বাস পরিস্থিতির পর এই সাফল্য এল। ত্রিশূলী ৩এ প্রকল্পের ভেতরের উদ্ধারকারী দলটি টানেলের গভীর থেকে একটি ক্ষীণ শব্দ শুনতে পায়, যেখানে ভেতর থেকে কেউ ‘হুঞ্চা’ (ঠিক আছে) বলে সাড়া দেয়। তাৎক্ষণিকভাবে উদ্ধারকারীরা চিৎকার করে আশ্বস্ত করেন যে, ‘চিন্তা করবেন না, আমরা আপনাদের উদ্ধার করছি।’

 

বন্যায় টানেলের ভেতরের পথ ধ্বংসাবশেষে বন্ধ হয়ে যাওয়ায় উদ্ধারকারী দলটিকে ৫০ থেকে ৬০ মিটার পর্যন্ত মাটি কেটে ভেতরে এগোতে হয়। সাড়া পাওয়ার পর মাত্র এক ঘণ্টারও কম সময়ের মধ্যে সঞ্জয় শাহ ও কবির মহার্জন নামের দুজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়। এর মধ্যে কবিরকে কাঠমান্ডুর হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে তাঁর স্বজন লক্ষ্মী নাইনি সামাজিক যোগাযোগমাধ্যমে বেঁচে থাকার খবর শুনে নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলেন না।

 

বর্তমানে ত্রিশূলী ৩এ সহ নেপালের মোট ১২টি ক্ষতিগ্রস্ত জলবিদ্যুৎ প্রকল্পের টানেলগুলোতে প্রায় ১০০ জন শ্রমিক আটকে আছেন বলে সরকারের ধারণা। ২০২৩ সালে হিমালয়ে সড়ক টানেলে আটকে পড়া ৪১ ভারতীয় শ্রমিককে উদ্ধারের সফল অভিযানের অভিজ্ঞতাসম্পন্ন বিশেষজ্ঞ আর্নল্ড ডিক্স এখন নেপালের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, যা ভেতরের উদ্ধারকাজকে আরও গতিশীল করবে বলে আশা করা হচ্ছে।

 

পূর্বকোণ/রানা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট