চট্টগ্রাম সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯০৩, শিক্ষার্থীসহ নিখোঁজ ৪২০০

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯০৩, শিক্ষার্থীসহ নিখোঁজ ৪২০০

আন্তর্জাতিক ডেস্ক

৩১ আগস্ট, ২০২৬ | ২:৪১ অপরাহ্ণ

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯০৩ জনে দাঁড়িয়েছে। এখনো ৪ হাজার ২৪৭ জন নিখোঁজ বা যোগাযোগের বাইরে রয়েছেন।

 

সোমবার (৩১ আগস্ট) সকাল ৯টায় প্রকাশিত সর্বশেষ হিসাবের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। বন্যাকবলিত বিভিন্ন এলাকা থেকে এখন পর্যন্ত ৯০৩টি মরদেহ উদ্ধার করা হয়েছে।

 

এর মধ্যে সবচেয়ে বেশি ২৭২টি মরদেহ উদ্ধার করা হয়েছে চিতওয়ান জেলা থেকে। এছাড়া নওয়ালপরাসি পূর্বে ২০৭টি, নওয়ালপরাসি পশ্চিমে ১৫১টি, ধাদিংয়ে ৫৫টি, গোরখায় ৬২টি, রাসুয়ায় ২৪টি, নুয়াকোটে ৯৫টি এবং তানাহুনে ৩৭টি মরদেহ উদ্ধার করা হয়েছে।

 

কিছু মরদেহ ও দেহাবশেষ এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। নিখোঁজদের মধ্যে ৫১২ জন বিদেশি নাগরিক রয়েছেন। এছাড়া বিদেশি পর্যটকদের সঙ্গে ভ্রমণ করা ১২৭ জন নেপালি নাগরিকও এখনো যোগাযোগের বাইরে রয়েছেন। নিখোঁজদের তালিকায় জলবিদ্যুৎ প্রকল্পের ৯৩৩ কর্মীও রয়েছেন।

 

নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত ১০ হাজার ৪৫১ জনকে বন্যাকবলিত এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে আকাশপথে ৩ হাজার ৩৪৪ জন নেপালি নাগরিক ও ২৫২ জন বিদেশি নাগরিককে উদ্ধার করা হয়েছে। উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে এ পর্যন্ত ৪১১টি ফ্লাইট পরিচালনা করা হয়েছে।

 

উদ্ধার অভিযানে নেপাল পুলিশ, সেনাবাহিনী ও সশস্ত্র পুলিশ বাহিনীর ২০ হাজার ৮১৯ জন সদস্য মোতায়েন রয়েছেন। এর মধ্যে নেপাল পুলিশের ৭ হাজার ৮৯৪ জন, সেনাবাহিনীর ৮ হাজার ৭২২ জন এবং সশস্ত্র পুলিশ বাহিনীর ৪ হাজার ২০৩ জন সদস্য রয়েছেন।

 

বন্যায় আহত হয়েছেন ২৬৭ জন। তাদের মধ্যে ১৫৬ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। দুর্গত এলাকায় ছয়টি চিকিৎসা ও অস্ত্রোপচার দলও কাজ করছে।

 

এদিকে বিপুলসংখ্যক মরদেহ এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহ দ্রুত পচে যাওয়ায় নেপালের কয়েকটি এলাকায় গণদাফন শুরু হয়েছে। স্বজনদের পরে মরদেহ শনাক্ত করার সুযোগ দিতে পুলিশ মরদেহের ছবি তুলছে এবং ডিএনএ নমুনা সংগ্রহ করছে।

 

নতুন করে বৃষ্টি ও নদীর পানি বাড়ার আশঙ্কায় উদ্ধার অভিযানও বারবার বাধাগ্রস্ত হচ্ছে। দুর্গত এলাকায় ভূমিধসের ঝুঁকি থাকায় উদ্ধারকারীদের সতর্কতার সঙ্গে কাজ করতে হচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে, নিখোঁজদের সন্ধানে অভিযান অব্যাহত থাকবে।

 

চীনের তিব্বত অঞ্চলেও একই দুর্যোগে ১৬ জনের মৃত্যু হয়েছে এবং ৫৪৬ জন নিখোঁজ রয়েছেন। ফলে নেপাল ও তিব্বত মিলিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯১৯ জনে এবং নিখোঁজের সংখ্যা ৪ হাজার ৭৯৩ জন।

 

পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট