চট্টগ্রাম শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

রুশ ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৩৭, আহত ৪২

রুশ ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৩৭, আহত ৪২

অনলাইন ডেস্ক

২৯ আগস্ট, ২০২৬ | ৮:৩৮ অপরাহ্ণ

ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে একটি গুদামে রুশ ড্রোন হামলার পর ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৩৭ জনে দাঁড়িয়েছে। শনিবার স্থানীয় কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

 

কিয়েভের পশ্চিম উপকণ্ঠের বুচা জেলার মিলা এলাকায় ওই গুদামটিতে বিস্ফোরক সামগ্রী সংরক্ষণ করা ছিল। হামলার পর সেখানে বড় ধরনের বিস্ফোরণ ঘটে এবং আগুন আশপাশের বাড়িঘর ও একটি রেস্তোরাঁয় ছড়িয়ে পড়ে।

 

কিয়েভ অঞ্চলের গভর্নর তিমুর তাকাচেঙ্কো জানান, হামলায় অন্তত ৫০টি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত হয়েছেন ৪২ জন। এছাড়া হামলার এলাকা থেকে ৩৮০ জনের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।

 

নিহতদের মধ্যে দিমিত্রিভস্কা গ্রামের মেয়র তারাস দিদিচও রয়েছেন।

 

ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, মিলা গ্রামের একটি গুদামে হামলার পর বিস্ফোরণ ঘটে। আবাসিক এলাকার কাছে গোলাবারুদ সংরক্ষণের নিয়ম নেই উল্লেখ করে তিনি এ ঘটনায় তদন্তের কথা জানান।

 

ইউক্রেনীয় প্রসিকিউটররা গুদামে বিস্ফোরক সামগ্রী সংরক্ষণের বৈধতা নিয়ে তদন্ত শুরু করেছেন। প্রতিষ্ঠানটির প্রয়োজনীয় অনুমতি ও ছাড়পত্র ছিল কি না, তাও খতিয়ে দেখা হবে।

 

ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, শুক্রবার গভীর রাত থেকে শনিবার সকাল পর্যন্ত রাশিয়া ইউক্রেনে অন্তত দুটি ক্ষেপণাস্ত্র ও ২৬৭টি ড্রোন ছুড়েছে। কিয়েভের অন্য এলাকাতেও হামলায় ৩ জন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে দুই বছরের এক শিশুও রয়েছে। রাজধানীর উপকণ্ঠে ১৪ বছর বয়সী এক কিশোরীও নিহত হয়েছে।

 

অন্যদিকে রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় অন্তত তিনজন নিহত ও নয়জন আহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। রুশ নিয়ন্ত্রিত ক্রিমিয়ার সেভাস্তোপলেও ইউক্রেনীয় ড্রোন হামলায় একজন নিহত ও তিনজন আহত হয়েছেন।

সূত্র: আল জাজিরা

 

পূর্বকোণ/রেহেনুমা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট