চট্টগ্রাম শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

মাংস খেতে চাওয়ায় ছেলেকে পিটিয়ে মারলেন বাবা, প্রমাণ মুছতে সাহায্য করলেন মা

মাংস খেতে চাওয়ায় ছেলেকে পিটিয়ে মারলেন বাবা, প্রমাণ মুছতে সাহায্য করলেন মা

আন্তর্জাতিক ডেস্ক

২৮ আগস্ট, ২০২৬ | ১১:৪৯ পূর্বাহ্ণ

ভারতের পুনেতে শ্রাবণ মাসে বাড়িতে খাসির মাংস (মাটন) খেতে চাওয়ায় ক্ষিপ্ত হয়ে ৩০ বছর বয়সী ছেলেকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। এ ঘটনায় জড়িত থাকার অপরাধে এবং হত্যাকাণ্ডের আলামত নষ্টের চেষ্টার দায়ে নিহতের বাবা ও মা দুজনকেই গ্রেপ্তার করেছে পুলিশ।

 

বৃহস্পতিবার (২৭ আগস্ট) পুলিশ জানায়, নিহত যুবকের নাম মহেশ গায়কোয়াড় (৩০)। তিনি ভারতের মহারাষ্ট্রের পুনের ওয়ারজে মালওয়াড়ির বাসিন্দা ছিলেন।

 

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, হিন্দু ধর্মীয় রীতি অনুযায়ী শ্রাবণ মাসকে পবিত্র বিবেচনা করে অনেক পরিবার এ সময় মাছ, মাংস ও ডিম খাওয়া থেকে বিরত থাকে। মহেশের পরিবারেও শ্রাবণ মাস উপলক্ষে নিরামিষ আহারের নিয়ম চলছিল। তবে মহেশ বাড়িতে খাসির মাংস রান্না করে খাওয়ার জন্য পরিবারের কাছে জোরাজুরি শুরু করেন।

 

এ নিয়ে বাবা ও ছেলের মধ্যে তীব্র বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে বাবা মহেশকে লাঠি দিয়ে বেধড়ক পেটাতে থাকেন। বাবার নির্মম মারধরে মহেশ গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

ঘটনার পর পুলিশকে না জানিয়ে নিহতের মা স্বামীকে বাঁচাতে হত্যাকাণ্ডের আলামত মুছে ফেলার চেষ্টা করেন। তবে বিষয়টি গোপন রাখতে পারেননি তারা। স্থানীয় ওয়ারজে মালওয়াড়ি থানার পুলিশের কাছে ঘটনাটি সন্দেহজনক মনে হলে তারা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে অনুসন্ধান শুরু করে।

 

প্রাথমিক তদন্তে হত্যাকাণ্ডের সত্যতা ও আলামত নষ্টের প্রমাণ মেলার পর পুলিশ অভিযুক্ত বাবা ও মা উভয়কেই গ্রেপ্তার করে হেফাজতে নেয়। তাদের বিরুদ্ধে হত্যা ও তথ্য-প্রমাণ গোপনের অভিযোগে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

সূত্র: এনডিটিভি

 

পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট