চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

নেপালে এবার নতুন বিপদের আশঙ্কা, সতর্ক করলো চীন!

নেপালে এবার নতুন বিপদের আশঙ্কা, সতর্ক করলো চীন!

অনলাইন ডেস্ক

২৭ আগস্ট, ২০২৬ | ৯:০২ অপরাহ্ণ

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত নেপালে নতুন করে বড় ধরনের বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। নেপাল-তিব্বত সীমান্তে ধসের কারণে সৃষ্টি হওয়া বিশাল একটি ‘ব্যারিয়ার লেক’ বা প্রাকৃতিক বাঁধে আটকে থাকা পানি যেকোনো সময় প্রবল স্রোতে নেমে আসতে পারে বলে সতর্ক করেছে চীনা কর্তৃপক্ষ।

চীনের পানি সম্পদ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল পর্যন্ত ওই হ্রদে প্রায় ২০ লাখ ঘনমিটার পানি জমেছে। আগামী তিন দিনে আরও ৩০ লাখ ঘনমিটার পানি ঢুকতে পারে। এতে প্রাকৃতিক বাঁধ ভেঙে আকস্মিক বন্যার ঝুঁকি বাড়ছে। হ্রদটি ইতোমধ্যে উপচে পড়ছে।

কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, নেপালের ছোছেন খোলা ও পুরেপু সাংপো নদীর মিলনস্থলের কাছে হ্রদটি তৈরি হয়েছে। তিব্বত থেকে নেমে আসা এই দুই নদী নেপালে প্রবেশের পর ভোতে কোশি নামে পরিচিত। পরে এটি ত্রিশূলী নদীর সঙ্গে যুক্ত হয়।

এই সতর্কতার মধ্যেই বুধবার রাসুয়া জেলায় ভোতে কোশি নদীতে ভয়াবহ আকস্মিক বন্যা আঘাত হানে। তীব্র স্রোতে তিমুরে ও স্যাফ্রুবেসি এলাকায় সড়ক, সেতু, ভবনসহ বিভিন্ন অবকাঠামো ধ্বংস হয়। বন্যার পানি পরে ত্রিশূলী নদীর দিকে ছড়িয়ে পড়ে।

উন্মত্ত বন্যার মধ্যেই নতুন ব্যারিয়ার লেক পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে। হ্রদের প্রাকৃতিক বাঁধ ভেঙে গেলে ভোতে কোশি-ত্রিশূলী নদীপথে আবারও প্রবল ঢল নামতে পারে। সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় চীনা কর্তৃপক্ষ হ্রদটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ, বন্যার পূর্বাভাস ও জরুরি উদ্ধার প্রস্তুতি চালিয়ে যাচ্ছে।

সূত্র: কাঠমান্ডু পোস্ট

পূর্বকোণ/আদর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট