চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

রাশিয়ায় গ্যাস পাইপলাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহত, আহত ৩৫

রাশিয়ায় গ্যাস পাইপলাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহত, আহত ৩৫

অনলাইন ডেস্ক

২৭ আগস্ট, ২০২৬ | ৮:১১ অপরাহ্ণ

রাশিয়ার পূর্বাঞ্চলীয় আমুর অঞ্চলে চীনা প্রতিষ্ঠান সিনোপেক ইঞ্জিনিয়ারিং গ্রুপ পরিচালিত ‘আমুর গ্যাস কেমিক্যাল কমপ্লেক্সে’ ভয়াবহ বিস্ফোরণে সাতজন নিহত হয়েছেন, যাদের মধ্যে একজন বাংলাদেশি। বুধবার (২৬ আগস্ট) রয়টার্সসহ আন্তর্জাতিক গণমাধ্যম এ তথ্য জানায়।

নিহত বাংলাদেশির নাম জাকির হোসেন, বাড়ি কিশোরগঞ্জ জেলায়। ঢাকা ও মস্কোর একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্রমতে, টেস্টিং চলাকালে একটি পাইপ ফেটে আগুন লাগে এবং পাইপলাইনের চেক ভালভ পুড়ে গিয়ে বড় ধরনের বিস্ফোরণ ঘটে। এতে রুশ, চীনা, বাংলাদেশি, নেপালি, আজারবাইজানি, উজবেক ও তাজিকিস্তানি কর্মীসহ প্রায় ৫০-৬০ জন আহত হন এবং কয়েকজন এখনো নিখোঁজ রয়েছেন।

প্ল্যান্ট-০৪ ও প্ল্যান্ট-১০ মিলিয়ে মোট ৩৫ জন বাংলাদেশি কর্মী আহত হয়েছেন। এর মধ্যে প্ল্যান্ট-১০-এর ২৩ জন বাংলাদেশির মধ্যে ৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়, যাদের চারজনের অবস্থা সংকটাপন্ন। বাকি ১২ জনকে ডরমিটরিতে ফিরিয়ে আনা হয়েছে, আর দুজন এখনো নিখোঁজ।

গুরুতর আহতদের কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য সীমান্তবর্তী চীনা অঞ্চল ব্লাগোভেশচেনস্কের হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে জানা গেছে, এবং নিখোঁজ দুই বাংলাদেশি সেখানেই থাকতে পারেন বলে প্রাথমিক ধারণা। কোম্পানির উদ্ধারকারী দল উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে এবং সবার চিকিৎসা নিশ্চিতে কাজ করছে।

২০২৫ সালে এই কোম্পানিতে প্রায় ২৫০০ বাংলাদেশি কর্মী নিয়োগ পান। বর্তমানে প্রকল্পটি সমাপনী পর্যায়ে থাকায় প্ল্যান্ট-৪ ও প্ল্যান্ট-১০ মিলিয়ে প্রায় ১৬০০ কর্মী কর্মরত আছেন।

পূর্বকোণ/আদর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট