তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে ‘মক্কা জোট’ গঠনের পর এবার ফ্রান্সের সঙ্গে প্রতিরক্ষা অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে সৌদি আরব। গত কাল মঙ্গলবার প্যারিসে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সরকারি বাসভবন ও দপ্তর এলিসি প্রাসাদে এ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
সৌদি আরবের পক্ষে দেশটির প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান এবং ফ্রান্সের পক্ষে প্রতিরক্ষামন্ত্রী ক্যাথরিন ভৌত্রিন চুক্তি স্বাক্ষর করেছেন। এ সময় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং সৌদির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের উপস্থিত ছিলেন।
স্বাক্ষরিত নতুন এ চুক্তির লক্ষ্য হলো আধুনিক প্রযুক্তি ও সংশ্লিষ্ট প্রতিরক্ষা শিল্প এবং দু’দেশের প্রতিরক্ষা সক্ষমতার ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি করা। পাশাপাশি সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রশিক্ষণ এবং সামরিক শিক্ষায় বিশেষজ্ঞ জ্ঞান বিনিময় সহজতর করা।
এর আগে গত ৭ আগস্ট পাকিস্তান এবং তুরস্কের সঙ্গে ত্রিপাক্ষিক প্রতিরক্ষা জোট গঠন করেছে সৌদি। এই জোটের চুক্তি মক্কায় স্বাক্ষরিত হয়েছিল বলে সংবাদমাধ্যমে এটি পরিচিতি পায় মক্কা জোট নামে। সৌদি আরবের অর্থায়ন, তুরস্কের উন্নত সামরিক প্রযুক্তি ও ড্রোন এবং পাকিস্তানের সামরিক জনবল ও পরমাণু অস্ত্র এই জোটের প্রধান শক্তি।
মক্কা জোট গঠনের দু’সপ্তাহ পর ফ্রান্সের সঙ্গে প্রতিরক্ষা অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করল সৌদি। মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, “এই চুক্তি সৌদি আরব ও ফ্রান্সের মধ্যে বিদ্যমান সহযোগিতার একটি সম্প্রসারিত রূপ। সেই সঙ্গে চুক্তিটি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট প্রতিরক্ষা ক্ষেত্রগুলোতে যৌথ পদক্ষেপ ও বিশেষজ্ঞ জ্ঞান বিনিময়ের প্রতি উভয় দেশের অঙ্গীকারকে প্রতিফলিত করে, যা উভয় দেশের জাতীয় সক্ষমতা শক্তিশালীকরণ এবং তাদের অভিন্ন স্বার্থ পূরণে সহায়ক হবে।” সূত্র : সৌদি গেজেট, আনাদোলু এজেন্সি
পূর্বকোণ/রাকিব

















