চট্টগ্রাম রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

সমাপনী পরীক্ষা বর্জনের হুমকি প্রাথমিক শিক্ষকদের

অনলাইন ডেস্ক

২৩ অক্টোবর, ২০১৯ | ২:০৮ অপরাহ্ণ

বেতন বৈষম্য নিরসনের দাবিতে পূর্বঘোষিত মহাসমাবেশ পুলিশি বাধায় পণ্ড হয়ে যায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। বুধবার (২৩ অক্টোবর) কেন্দ্রীয় শহীদ মিনার থেকে তাদের সরিয়ে দেয়া হয়। পরে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার দোয়েল চত্বর ও সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থান নেন।

মহাসমাবেশকে কেন্দ্র করে কাউকে শহীদ মিনারের দিকে যেতে দেয়া হচ্ছে না। কেউ যেতে চাইলেই পুলিশ তাদেরকে সেখান থেকে সরে যাওয়ার নির্দেশ কিংবা সরিয়ে দিচ্ছেন। সকাল থেকে দেশের বিভিন্ন জেলার শিক্ষকরা বিছিন্নভাবে শহীদ মিনারের সামনে আসলেও কেউ শহীদ মিনারে অবস্থান করতে পারছেন না। তবে এখন পর্যন্ত প্রাথমিক শিক্ষা ঐক্য পরিষদের কাউকে দেখা যায়নি। বুধবার (২৩ অক্টোবর) সকাল ১০টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারের আশপাশের রাস্তায় ঘুরে ও শিক্ষকদের সাথে কথা বলে এসব তথ্য জানা গেছে।

অন্যদিকে প্রাথমিক শিক্ষা ঐক্য পরিষদ মহাসমাবেশ ডাকলেও ঢাকায় মহাসমাবেশে যোগ না দিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ছুটির দিনে কর্মস্থলে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)।

এ সময় তারা দাবি পূরণের জন্য আগামী ১৩ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দেন। বেতন বৈষম্য নিরসন না হলে এবং এ বিষয়টি নিয়ে কথা বলার জন্য প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা না করা হলে, আসন্ন প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা বর্জন করা হবে বলে হুমকি দেন শিক্ষক নেতারা।

আগামী ১৭ নভেম্বর থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হওয়ার কথা। শিক্ষক নেতারা বলছেন, দাবি মেনে না নিলে তারা প্রাথমিকের বার্ষিক পরীক্ষা বর্জন করবেন।

আন্দোলনকারী বাংলাদেশ প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের সদস্য সচিব মোহাম্মদ শামসুদ্দিন বলেন, সংগঠনের আহ্বায়ক আনিসুর রহমান পরবর্তী কর্মসূচি ঘোষণা করে আজকের কর্মসূচি শেষ করেন।

প্রাথমিক শিক্ষকদের ১৪টি সংগঠন এক হয়ে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের ব্যানারে এ কর্মসূচি পালন করছেন।

এর আগে একই দাবিতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা ১৪ অক্টোবর ২ ঘণ্টা, ১৫ অক্টোবর ৩ ঘণ্টা ও ১৬ অক্টোবর অর্ধদিবস ও ১৭ অক্টোবর পূর্ণদিবস কর্মবিরতি পালন করেছিলেন।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট