
পারস্য উপসাগরের অতি গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি আর কখনও বন্ধ না করার বিষয়ে ইরান রাজি হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তেহরানের পক্ষ থেকে এখন পর্যন্ত এমন কোনও ধরনের নিশ্চয়তা বা আনুষ্ঠানিক প্রতিশ্রুতি দেওয়ার খবর পাওয়া যায়নি।
বিশ্বের মোট অপরিশোধিত তেলের প্রায় ২০ শতাংশ প্রতিদিন এই সংকীর্ণ জলপথ দিয়ে পরিবহন করা হয়। সম্প্রতি এই পথে ট্যাঙ্কার চলাচল বাধাগ্রস্ত হওয়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আকাশচুম্বী হয়েছে, যার নেতিবাচক প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতিতেও।
এশীয় ও ইউরোপীয় দেশগুলোর তুলনায় যুক্তরাষ্ট্র পারস্য উপসাগরের জ্বালানির ওপর অনেক কম নির্ভরশীল। তা সত্ত্বেও হরমুজ প্রণালি বন্ধ থাকার প্রভাবে গত মাসে যুক্তরাষ্ট্রে গত চার বছরের মধ্যে সর্বোচ্চ মাসিক মূল্যস্ফীতি রেকর্ড করা হয়েছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এক্সে ঘোষণা করেছিলেন যে, চলমান দুই সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতির অবশিষ্ট মেয়াদ পর্যন্ত হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের বাণিজ্যিক জাহাজ চলাচলের পথ ‘সম্পূর্ণ উন্মুক্ত’ করা হয়েছে।
ট্রাম্প এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ইরানকে ধন্যবাদ জানালেও দেশটির ওপর মার্কিন নৌ-অবরোধ প্রত্যাহার করা হবে না বলে ঘোষণা দিয়েছেন।
সূত্র: এপি
পূর্বকোণ/সিজান/পারভেজ