
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে বাংলাদেশ সরকারের অনুরোধ খতিয়ে দেখছে ভারত।
নয়াদিল্লিতে নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানিয়েছেন তিনি।
জয়সওয়েল বলেন, ”আমরা আমাদের বিচারিক ও আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর অনুরোধটি খতিয়ে দেখছি।”
ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি নিয়ে তারা সব অংশীজনের সঙ্গে গঠনমূলক আলোচনা চালিয়ে যাচ্ছে।
জয়সওয়াল বলেন, আমরা বাংলাদেশের সমস্ত ঘটনাপ্রবাহ খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করার এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করার ইচ্ছার কথা পুনর্ব্যক্ত করেছেন।
গত ৮ এপ্রিল নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে আলাপকালে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর অনুরোধ জানান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।
উল্লেখ্য, জুলাই অভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
পূর্বকোণ/কায়ছার/পারভেজ