
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় দুইটি হত্যা ও একটি ডাকাতিসহ চাঞ্চল্যকর তিন মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আব্দুল কুদ্দুসকে (৪০) গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার (১৬ মার্চ) নগরীর পাহাড়তলী সিএনজি স্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আব্দুল কুদ্দুস রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ওস্তাপাড়া এলাকার মৃত হোসেন ওরফে বাচা মিয়ার ছেলে।
র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আব্দুল কুদ্দুস দীর্ঘদিন ধরে নিজ এলাকা ছেড়ে আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানায় একটি ডাকাতি মামলা এবং দুটি হত্যা মামলা রয়েছে। এর মধ্যে একটি ১৯৯৯ সালে রাঙ্গুনিয়া থানায় দায়ের হওয়া হত্যা মামলা এবং অন্যটি ২০১৩ সালে রাঙ্গামাটি জেলার কাউখালী থানায় দায়ের হওয়া হত্যা মামলা। এসব মামলায় তার বিরুদ্ধে দীর্ঘকাল ধরে গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান হোসেন জানান, র্যাব আসামিকে থানায় হস্তান্তর করেছে। সোমবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।
পূর্বকোণ/সিজান/পারভেজ