
চট্টগ্রামের ফটিকছড়ি পৌর এলাকায় গহিরা-হেঁয়াকো সড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বদিউল আলম (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শনিবার (১৪ মার্চ) দুপুরে জোহরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।
নিহত বদিউল আলম ফটিকছড়ি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের জোলাভিটা এলাকার মৃত আহমদুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জোহরের নামাজ পড়ে বাড়ি ফেরার সময় জোলাভিটা এলাকায় একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তাবাসসুম জেসি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পূর্বকোণ/সিজান/পারভেজ