চট্টগ্রাম বুধবার, ১১ মার্চ, ২০২৬

সর্বশেষ:

দুদকের মামলায়ও সাংবাদিক আনিস আলমগীরের জামিন

দুদকের মামলায়ও সাংবাদিক আনিস আলমগীরের জামিন

অনলাইন ডেস্ক

১১ মার্চ, ২০২৬ | ১:৫৮ অপরাহ্ণ

সন্ত্রাসবিরোধী আইনের পর দুর্নীতি দমন কমিশনের মামলায় জামিন পেয়েছেন সাংবাদিক আনিস আলমগীর। বুধবার (১১ মার্চ) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ তার জামিন মঞ্জুর করেন।

 

আদালতে আনিস আলমগীরের পক্ষে জামিন চেয়ে শুনানি করেন তার আইনজীবী তাসলিমা জাহান পপি। শুনানি শেষে তিনি বলেন, দুই মামলায় জামিন হওয়ায় তার কারামুক্তিতে আর বাধা নেই।

 

তবে এর মধ্যে গেল ৫ মার্চ ঢাকার উত্তরা পশ্চিম থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় হাইকোর্ট থেকে জামিন পান আনিস আলমগীর। তার পর ৮ মার্চ দুদকের মালমাল আনিস আলমগীরের জামিন নাকচ করে দেয় আদালত।

 

গোয়েন্দা পুলিশের একটি দল গত ১৪ ডিসেম্বর রাত ৮টার পর সাংবাদিক আনিস আলমগীরকে জিজ্ঞাসাবাদের কথা বলে ডিবি কার্যালয়ে নিয়ে যায়।

 

এরপর মধ্যরাতে ‘জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স’ নামে একটি সংগঠনের সদস্য আরিয়ান আহমেদ ‘রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্টের ষড়যন্ত্র এবং নিষিদ্ধ সংগঠনকে উসকে দেওয়ার’ অভিযোগে আনিস আলমগীরসহ চারজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে এ মামলা করেন।

 

অপর আসামিরা হলেন—অভিনেত্রী মেহের আফরোজ শাওন, মারিয়া কিসপট্টা (ফ্যাশন মডেল) ও ইমতু রাতিশ ইমতিয়াজ (উপস্থাপক)।

 

এ মামলায় আনিস আলমগীরের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর হয়। রিমান্ড শেষে ২০ ডিসেম্বর তাকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারেই আটক রয়েছেন।

 

সবশেষ গত ২২ জানুয়ারি ঢাকা মহানগর দায়রা জজ আদালত আনিস আলমগীরের জামিন নামঞ্জুর করলে তার আইনজীবী হাইকোর্টে আবেদন করেন।

 

এর মধ্যে গত ১৫ জানুয়ারি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আনিস আলমগীরের বিরুদ্ধে মামলা করে দুদক। ২৮ জানুয়ারি দুদকের আবেদনে আদালত তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখায়।

 

গত ২৫ জানুয়ারি আনিস আলমগীরকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আখতারুজ্জামান। আদালত আসামির উপস্থিতিতে শুনানির দিন ২৮ জানুয়ারি রাখেন। পরে ওইদিন তাকে গ্রেপ্তার দেখানো হয়।

 

দৈনিক আজকের কাগজসহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করা আনিসুর রহমান আলমগীর— আনিস আলমগীর নামেই বহুল পরিচতি।

 

বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক আনিস আলমগীর সমসাময়িক রাজনীতিসহ বিভিন্ন বিষয় নিয়ে টেলিভিশন টকশোতে নিজের বক্তব্যের কারণে আলোচনা-সমালোচনায় ছিলেন। ফেইসবুকে দেওয়া তার বিভিন্ন পোস্ট নিয়েও আলোচনা-সমালোচনা ছিল ওই সময়।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট