
কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় ড্রামট্রাক চায়ের দোকানে ঢুকে পড়লে রফিক আহমদ (৬৯) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
এ সময় আরও একজন আহত হয়েছেন।
শনিবার (৭ মার্চ) রাত ১২টায় চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের জিদ্দাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রফিক আহমদ লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল আলমের ছোট ভাই।
প্রত্যক্ষদর্শী জালালসহ কয়েকজন জানান, তারাবির নামাজ শেষ করে রফিকসহ বেশ কয়েকজন বাড়ির নিকটবর্তী জিদ্দাবাজারের একটি চায়ের দোকানে আলাপ-আলোচনা করছিল। দিবাগত রাত ১২টায় যাত্রীবাহী সৌদিয়া পরিবহনের একটি বাস ড্রামট্রাককে ধাক্কা দেয়। এতে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি দোকানে ঢুকে পড়ে। এ সময় দোকানের ভেতরে থাকা দু’জন গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দিবাগত রাত ২টার দিকে রফিক আহমদের মৃত্যু হয়।
চিরিংগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের চিকিৎসার ব্যবস্থা করে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পূর্বকোণ/পিআর/এএইচ