
শহর থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে ফেরার পথে চলন্ত বাসে এক নারী শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। ভুক্তভোগী বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্রী।
শনিবার (৭ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে দ্রুতযান পরিবহনের একটি বাসে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্তকে আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে পুলিশে হস্তান্তর করা হয়েছে।
ভুক্তভোগী জানান, নগরী থেকে বাসে করে ক্যাম্পাসে ফেরার সময় বাসটি চৌধুরীরহাট এলাকায় পৌঁছালে তার পেছনের সিটে বসা এক ব্যক্তি দুই সিটের মাঝ দিয়ে তাঁর শরীর স্পর্শ করেন। বিষয়টি বুঝতে পেরে শিক্ষার্থী তাৎক্ষণিক প্রতিবাদ করলে অভিযুক্ত দাবি করেন তিনি ঘুমিয়ে ছিলেন। তবে শিক্ষার্থী জানান, দুই সিটের মাঝখানের জায়গা এতটাই সংকীর্ণ যে ঘুমের ঘোরে সেখানে হাত চলে আসা অসম্ভব।
আটককৃত ব্যক্তি পেশায় একজন রাজমিস্ত্রি। তার স্থায়ী বাড়ি কুমিল্লার মুরাদনগরে হলেও বর্তমানে তিনি চট্টগ্রামের ফতেয়াবাদ এলাকায় বসবাস করছেন।
বাসে থাকা অন্যান্য যাত্রী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঘটনাটি জানতে পেরে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে তিনি তার অপরাধ স্বীকার করেন। এরপর চবি কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক ইশহাক ভূঁইয়ার সহায়তায় অভিযুক্তকে বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট হয়ে ক্যাম্পাসের পুলিশ বক্সে নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন জানান, অভিযুক্ত ব্যক্তি প্রক্টরিয়াল বডির কাছেও তার দোষ স্বীকার করেছেন। পরবর্তীতে উপস্থিত শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে তাকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পূর্বকোণ/সিজান/পারভেজ