চট্টগ্রাম মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

সীতাকুণ্ডে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কিশোরের মৃত্যু

সীতাকুণ্ডে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কিশোরের মৃত্যু

সীতাকুণ্ড সংবাদদাতা

২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৫:২৫ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কোরবান আলী রিফাত (১৬) এক কিশোরের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১০ দিনে উপজেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট চার জনের মৃত্যু হয়েছে।
 
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ভোররাত ৪টার দিকে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 
 
নিহত কোরবান আলী রিফাত উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের অন্তর্গত কাজলীপাড়া গ্রামের মো. ইউনুসের ছেলে। 
 
 
স্থানীয় সূত্রে জানা গেছে, গত তিন মাস সীতাকুণ্ডে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। প্রতিদিন বেশ কয়েকজন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হচ্ছেন। এসব ভর্তি হওয়া রোগীদের মধ্যে গত ১০ দিনে অন্তত চার জন মারা গেছেন বলে হাসপাতাল ও স্থানীয় সূত্রগুলো জানিয়েছে। সর্বশেষ আজ মঙ্গলবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রিফাত। 
 
 
এলাকাবাসীরা জানান, গত শুক্রবার রিফাত জ্বরে আক্রান্ত হন। এরপর সোমবার অবস্থার অবনতি হলে তাকে ফৌজদারহাটস্থ বিআইটিআইডি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে আরো অবনতি হলে তাকে চমেকে পাঠানো হয়। মঙ্গলবার ভোর ৪টার দিকে তার মৃত্যু হয়। এদিকে এর আগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে  ভাটিয়ারীতে রাফসান (২৬), সোনাইছড়িতে মোজাহিদুল হোসেন (৪), পৌরসদরে সিরাজুল মুনিরা (৫) নামক আরো এক শিশু মৃত্যু হয় বলে জানা গেছে। 
 
 
সোনাইছড়ি ইউনিয়ন পরিষদের সচিব শোভন কুমার ভৌমিক জানান, মঙ্গলবার ভোরে সোনাইছড়িতে কোরবান আলী রিফাত মারা গেছে বলে নিহতের পরিবার জানিয়েছে। এর আগেও এই ইউনিয়নে ডেঙ্গুতে আরো একজন মারা গেছে। সম্প্রতি এলাকায় ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ বেড়েছে বলে জানান তিনি।
 
 
এদিকে সীতাকুণ্ডে একের পর এক মৃত্যুর ঘটনা ঘটলেও সবগুলো মৃত্যুর ঘটনা চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে ঘটায় সিভিল সার্জন কার্যালয় এসব তথ্য সংরক্ষণ করলেও সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর কোন তথ্য পাওয়া যায়নি।
 
পূর্বকোণ/পিআর 
 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট