টেকনাফের নাফনদী থেকে ৩ কেজি ক্রিস্টাল মেথসহ (আইস) মিয়ানমারের এক নাগরিককে আটক করেছে বিজিবি। শনিবার (২২ আগস্ট) রাতে তাকে আটক করা হয়।
আটক শাহ আলম (৫০) মিয়ানমারের মংডুর পুইমালি গ্রামের ফজল করিমের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ ব্যাটালিয়ন-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া।
তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি জানতে পারে, মিয়ানমার থেকে মাদকের একটি বড় চালান নাফ নদী পার হয়ে সাবরাং সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকবে; এমন তথ্যের ভিত্তিতে বিজিবি টহল ওই এলাকায় অবস্থান নেয়। এসময় মিয়ানমার সীমান্ত থেকে বাংলাদেশ সীমান্তে একটি নৌকা ঢুকতে দেখলে বিজিবি চ্যালেঞ্জ করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে তিনজন চোরাকারবারি নাফ নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে পালিয়ে যায়। কিন্তু নদী থেকে মিয়ানমারের এক নাগরিককে আটক করা হয়। পরে নৌকাটিতে তল্লাশি চালিয়ে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করা হয়।
এছাড়া পরিবহনে ব্যবহৃত কাঠের নৌকাটি এবং দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। আটক চোরাকারবারি ও মাদক টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
পূর্বকোণ/পিআর

















