কক্সবাজারে শুল্ক ফাঁকি দিয়ে আনা ৩১ ভরি স্বর্ণালংকারসহ দুইজন চোরাচালানকারীকে আটক করেছে কোস্ট গার্ড। রবিবার (২৩ আগস্ট) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
শনিবার (২২ আগস্ট) সন্ধ্যা ৭টায় কক্সবাজার বিমানবন্দর সংলগ্ন নতুন ফিশারি ঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।
তিনি বলেন, একটি অসাধু চক্র শুল্ক ফাঁকি দিয়ে স্বর্ণের চালান দেশের অভ্যন্তরে প্রবেশ করাবে। এমন তথ্যের ভিত্তিতে গতকাল সন্ধ্যা ৭ টায় কক্সবাজার বিমানবন্দর সংলগ্ন নতুন ফিশারি ঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি মোটরসাইকেলকে থামার সংকেত দিলে সেটি আরও গতি বাড়িয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তাদের ধাওয়া করে মোটরসাইকেলসহ দুইজনকে আটক করা হয়। এসময় তাদের কাছে থাকা শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় ৭৫ লাখ টাকা মুল্যের ৩১ ভরি স্বর্ণালংকার, ৪ টি মোবাইল ফোন, নগদ ৫ হাজার ৭৪২ টাকা, সৌদি ১০ রিয়াল ও ৩ টি সৌদি আরবের এটিএম কার্ড জব্দ করা হয়।
আটক চোরাচালানকারীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, শুল্ক ফাঁকি দিয়ে বাজারে বিক্রির উদ্দেশ্যে স্বর্ণের চালানটি দুবাই থেকে বিভিন্ন মাধ্যমে বাংলাদেশে আনা হয়। আগেও তারা একাধিকবার এ ধরনের স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ চোরাচালানের সঙ্গে সম্পৃক্ত অন্যান্য অসাধু ব্যবসায়ী ও সহযোগীদের শনাক্ত ও আটকের লক্ষ্যে বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
পূর্বকোণ/পিআর

















