রাউজানে ভিমরুলের কামড়ে নাজিম উদ্দীন (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় মাহাবুল আলম নামে আরও একজন আহত হয়েছেন।
শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে সাতটার দিকে রাউজান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মধ্যম ছিটিয়াপাড়া এলাকার নোয়াপাড়া সেকশন-২ সড়কে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, সকালে চা-নাস্তা শেষ করে নাজিম উদ্দীন ও মাহাবুল আলম নোয়াপাড়া সেকশন-২ সড়কে হাঁটছিলেন। এ সময় হঠাৎ করে শত শত ভিমরুল তাদের ওপর আক্রমণ করে। প্রত্যক্ষদর্শী ইকবাল হোসেন বলেন, ভীমরুলের আকস্মিক আক্রমণে পথচারীরা আত্মরক্ষার্থে দিগবিদিক ছুটতে থাকেন। ভিমরুলের আক্রমণে গুরুতর আহত নাজিম উদ্দীনকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে জে. কে. মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালের চিকিৎসক স্বপন কান্তি দাশ জানান, হাসপাতালে নেওয়ার আগেই নাজিম উদ্দীনের মৃত্যু হয়েছিল।
অন্যদিকে, আহত মাহাবুল আলমকে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রয়োজনীয় চিকিৎসা ও ইনজেকশন দেওয়ার পর তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
পূর্বকোণ/সিজান/পারভেজ

















