কক্সবাজারের মহেশখালীতে অভিযান চালিয়ে অস্ত্র তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার করেছে মহেশখালী থানা পুলিশ। এ সময় এক চোর ও এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) রাতে উপজেলার শাপলাপুর ইউনিয়নের মিঠাছড়ি এলাকার বিভিন্ন বসতবাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন—ছোট মহেশখালী এলাকার `চিহ্নিত’ চোর রহমত উল্লাহ এবং মিঠাছড়ি এলাকার স্থানীয় বাসিন্দা শাবনূর।
শনিবার রাতে মহেশখালী থানা পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ছোট মহেশখালী এলাকার রহমত উল্লাহর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে শাপলাপুরের বিভিন্ন দোকান ও বাড়িঘরে চুরির অভিযোগ রয়েছে। বৃহস্পতিবার রাতে মিঠাছড়ি এলাকায় চুরি করতে গেলে স্থানীয় জনতা তাকে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করেন।
পরবর্তীতে থানায় জিজ্ঞাসাবাদে রহমত উল্লাহ স্বীকার করেন যে, তিনি চুরি করা মালামাল মিঠাছড়ির নমি উদ্দিন, মঈনা ও শাবনূরের কাছে জমা রাখতেন। তার দেওয়া তথ্যের সূত্র ধরে শুক্রবার সন্ধ্যায় মিঠাছড়িতে পুলিশি অভিযান চালানো হয়। অভিযানের একপর্যায়ে মোতাহেরা নামে এক নারীর বসতঘর থেকে অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। সেখান থেকেই রহমত উল্লাহর সহযোগী শাবনূরকে আটক করে পুলিশ।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সোলতান জানান, রহমত উল্লাহ চুরির কথা স্বীকার করেছেন এবং চোরাই মালামাল বিক্রির টাকায় মাদক সেবন করতেন বলে জানিয়েছেন। তার তথ্যের ভিত্তিতেই অভিযান চালিয়ে অস্ত্র তৈরির সরঞ্জাম জব্দ করা সম্ভব হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন এবং জড়িত অন্যদের ওপর নজরদারি অব্যাহত রয়েছে।
পূর্বকোণ/সিজান/পারভেজ

















