মধ্যরাতে বস্তা বোঝাই করে পাচারকালে ১১ লিটার দেশীয় বাংলা চোলাই মদসহ মো. আতাউল্লাহ (২২) নামে এক মাদক পাচারকারী আটক করেছে বিজিবি। সে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড দমদমিয়া গ্রামের সালেহ আহমদের পুত্র।
শনিবার (২২ আগস্ট) টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল হানিফুর রহমান ভুইঁয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার মধ্যরাতে দমদমিয়া চেকপোস্টের প্রায় ৫০ গজ উত্তরে সীমান্ত রেস্তোরাঁর সামনে এক ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে বিজিবি সদস্যগণ তল্লাশির উদ্দেশ্যে তাকে থামার সংকেত দেয়। বিজিবি’র সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যগণ তাৎক্ষণিকভাবে তাকে ধাওয়া করে আটক করেন। পরবর্তীতে আটককৃত ব্যক্তির সঙ্গে থাকা বস্তা তল্লাশি করে ১১ লিটার দেশীয় বাংলা মদ উদ্ধার করা হয়।
আটককৃত আসামি ও জব্দকৃত মাদকদ্রব্যের বিষয়ে নিয়মিত মামলা দায়ের করে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
পূর্বকোণ/সিজান/পারভেজ

















