চট্টগ্রামের আনোয়ারায় মো.সাকিব (২৫) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২১ আগস্ট) মধ্যরাতে উপজেলার বরুমচড়া ইউনিয়নের নলদিয়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত সাকিব ওই এলাকার স্থানীয় বাসিন্দা ইউনুসের ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, গতকাল রাতে সাকিবের মা ও পরিবারের অন্য সদস্যরা একটি সামাজিক দাওয়াতে গিয়েছিলেন। ওই সময় ঘরে সাকিব একাই ছিলেন। রাত ১২টার দিকে পরিবারের সদস্যরা বাড়ি ফিরে ঘরের ভেতর তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
ঘটনাটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে নিহতের মামা মো. নেজাম উদ্দিন বলেন, ঘরে ভাগিনা একা ছিল। রাতে ফিরে এসে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। কিন্তু লাশ ও তার পায়ের অবস্থান দেখে আমাদের মনে হচ্ছে এটি আত্মহত্যা নয়, তাকে পরিকল্পিতভাবে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। আমরা প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং ন্যায়বিচার দাবি করছি।
বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ রাত ১২টার দিকে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পূর্বকোণ/পিআর
















