চট্টগ্রাম শনিবার, ২২ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

কক্সবাজারে স্লিপার বাসে আগুন, জানালা ভেঙে যাত্রীদের উদ্ধার

কক্সবাজারে স্লিপার বাসে আগুন, জানালা ভেঙে যাত্রীদের উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

২২ আগস্ট, ২০২৬ | ১:২২ অপরাহ্ণ

কক্সবাজার থেকে ঢাকাগামী একটি শীতাতপ নিয়ন্ত্রিত স্লিপার বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় জানালার কাচ ভেঙে বাসে যাত্রীদের নিরাপদে বের করে আনেন স্থানীয়রা।

 

শুক্রবার (২১ আগস্ট) রাত ১২টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামুর কলঘর বাজারের পশ্চিম পাশে এন আলম ফিলিং স্টেশনের সামনে আইকন পরিবহনের বাসে এ ঘটনা ঘটে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূইয়া। তিনি বলেন, এতে কেউ হতাহত হননি এবং একই সঙ্গে বাসের ভেতর থেকে যাত্রীদের মালামালও উদ্ধার করে তাদের বুঝিয়ে দেওয়া হয়।

 

তিনি আরও বলেন, গাড়িতে আগুন লাগার বিষয়টি চালক বা হেল্পার যাত্রীদের জানায়নি। ঘটনার পর থেকে তারা পলাতক। প্রথমে পোড়া গন্ধ ও পরে আগুন দেখতে পেয়ে স্থানীয়রা বাসের জানালার কাচ ভেঙে যাত্রীদের উদ্ধার করেন।

 

রামু হাইওয়ে থানার সার্জেন্ট পারভেজ খান। তিনি বলেন, খবর পেয়ে দুর্ঘটনার ১০ মিনিটের মধ্যে তিনি ঘটনাস্থলে পৌঁছান। দেখতে পান বাসে আগুন জ্বলছে, ভেতরে বেশ কিছু যাত্রী হইচই-চিৎকার শুরু করছেন। গাড়ির দরজা বন্ধ ছিল। পরে স্থানীয় লোকজন বাসের জানালার কাচ ভাঙা শুরু করেন। এরপর ভাঙা জানালা দিয়ে সব যাত্রীকে উদ্ধার করা হয়। একই সঙ্গে যাত্রীদের মালামাল বাসের ভেতর থেকে খুঁজে বের করে তাঁদের কাছে হস্তান্তর করা হয়।

 

রামু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. আবদুল কাদের চৌধুরী জানান, যান্ত্রিক ত্রুটি ও ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে যাওয়ার কারণে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। জানালা ভেঙে যাত্রীদের উদ্ধার করা হয়। তবে হতাহতের ঘটনা ঘটেনি।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট