চট্টগ্রামের সাতকানিয়ায় গাঁজা সেবন ও মাকে নিয়মিত মারধরের অভিযোগে মনির হোসেন (৩২) নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) উপজেলার পুরানগড় ইউনিয়নের মৈনিয়াবাদ ৯ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে এই দণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান।
তিনি বলেন, আটক মনির হোসেন গাঁজা সেবন করতেন এবং নিজ মাকে নিয়মিত মারধর করতেন বলে অভিযোগ রয়েছে। এ অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
ইউএনও বলেন, মাদক সেবন ও মাদক-সংশ্লিষ্ট কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
পূর্বকোণ/পারভেজ
















