চট্টগ্রামের সন্দ্বীপে চলমান ঘাট ইস্যুতে মুখ খুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী। নিজের ফেসবুকে পোস্ট করে জানিয়েছেন নিন্দা তিনি।
ফেসবুক পোস্টে গুপ্তছড়া ঘাটে মুমূর্ষু অবস্থায় নৌযানের অপেক্ষায় মৃত্যুবরণ করা মুক্তিযোদ্ধার ঘটনাটি উল্লেখ করে তিনি লিখেন— ‘যে মুক্তিযোদ্ধা জীবন বাজি রেখে দেশ স্বাধীন করেছিলেন, সেই স্বাধীন দেশেই চাঁদাবাজির অভিযোগ ঘিরে স্পিডবোট বন্ধ থাকায় চিকিৎসার অপেক্ষায় ঘাটেই তাঁর মৃত্যু।’
একই পোস্টের কমেন্টে এনসিপির এই নেতা ঘাটে চাঁদাবাজির অভিযোগ তুলে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে লিখেন— ‘মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার কি চাঁদাবাজদের ধরতে পারছে না, নাকি চাঁদাবাজরাই এখন সরকারের সবচেয়ে সুরক্ষিত উন্নয়ন প্রকল্প?’
সন্দ্বীপের ঘাট ইস্যুতে বিরোধীদলীয় জোটের এই নেতার ফেসবুক পোস্টের পর ঘটনাটি জাতীয়ভাবে আলোচনায় এসেছে বলে মনে করছেন নেটিজনরা।
এর আগে বুধবার (১৯ আগস্ট) সন্দ্বীপে গুপ্তছড়া-কুমিরা নৌরুটে আধিপত্য বিস্তার, ঘাট দখল ও চাঁদাবাজির জেরে স্পিডবোট চলাচল বন্ধ থাকায় চিকিৎসা না পেয়ে ঘাটেই বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিনের মৃত্যু হয়। এ ঘটনার পর সন্দ্বীপবাসীর মাঝে তীব্র ক্ষোভ দেখা দেয়।
পূর্বকোণ/এএইচ
















