কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে মালয়েশিয়ায় পাচারের আগেই ১০ জন ভুক্তভোগীকে উদ্ধার করেছে র্যাব-১৫। এ সময় মানবপাচার চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আব্দুল আমিন (২২) টেকনাফের নাইট্যংপাড়া নূর মোহাম্মদের ছেলে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সহকারী পরিচালক আ ম ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, র্যাব জানতে পারে একটি সংঘবদ্ধ মানবপাচারকারী চক্র জোরপূর্বক ও প্রলোভনের মাধ্যমে কয়েকজন বাংলাদেশি পুরুষ ও নারীকে সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে নাইট্যংপাড়া এলাকায় একত্রিত করেছে। এ তথ্যের ভিত্তিতে পিএইচপি বরফ মিলের পাশে হাবিবুল্লাহর বাড়ির সামনের এলাকায় অভিযান চালানো হয়।
র্যাবের উপস্থিতি টের পেয়ে সংঘবদ্ধ মানবপাচারকারী চক্রের সদস্যরা পালানোর চেষ্টা করলে র্যাব ধাওয়া করে আব্দুল আমিনকে (২২) গ্রেপ্তার করে।
তিনি আরও জানান, গ্রেপ্তার আসামিকে জিজ্ঞাসাবাদে সে ও পলাতক সহযোগীরা পরস্পর যোগসাজশে উদ্ধার ভিকটিমদের বাংলাদেশ থেকে সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে ঘটনাস্থলে জড়ো করেছিল বলে স্বীকার করেছে।
উদ্ধার ভিকটিম ও গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
পূর্বকোণ/নুসরাত/এএইচ

















