কক্সবাজারের টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ১ কোটি ২৫ লাখ টাকার ২৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় ৪ মাদক পাচারকারী গ্রেপ্তার করা হয়। একইসঙ্গে মাদক পাচার কাজে ব্যবহৃত একটি বোটও জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, নাফ নদীতে ১৯ আগস্ট রাত ১০টায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশকালে সন্দেহজনক বোটে তল্লাশি চালানো হয়। এ সময় প্রায় ১ কোটি টাকার ২০ হাজার ইয়াবা ও পাচারকাজে ব্যবহৃত বোটসহ তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
অপরদিকে, একইদিন টেকনাফের শীলবুনিয়া পাড়ায় অভিযান চালিয়ে ২৫ লাখ টাকার ৫ হাজার ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
জব্দ ইয়াবা, বোট এবং গ্রেপ্তার মাদক কারবারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পূর্বকোণ/আদর/এএইচ

















