চট্টগ্রামের রাঙ্গুনিয়া দক্ষিণ রাজানগর ইউনিয়নে কুরমাইখালে নিখোঁজ হওয়ার একদিন পর মো. বখতিয়ার হোসেন (৫০) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ১টায় ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের খোরশেদ তালুক এলাকার কুরমাইখাল থেকে মরদেহটি উদ্ধার করেন স্থানীয়রা।
নিহত বখতিয়ার হোসেন দক্ষিণ রাজানগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মোয়াজ্জিম বাড়ির রমজান আলীর ছেলে। পেশায় কৃষক হলেও তিনি দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন। অসুস্থতার কারণে প্রায় ৮ বছর আগে দেশে ফিরে আসেন তিনি। তাঁর ১০ বছর বয়সী একটি মেয়ে সন্তান রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে বখতিয়ার বাড়ির অদূরে পাহাড়ি এলাকায় তাঁর নিজের খামারে যান। সেখানে কৃষিকাজ ও দুটি গরুর দেখাশোনা করার পাশাপাশি প্রতিদিনের মতো কুরমাইখালে বড়শি দিয়ে মাছ শিকারে নামেন। মাছ শিকারের একপর্যায়ে তিনি নিখোঁজ হন।
বুধবার বিকেল থেকে তাঁর কোনো সন্ধান না পাওয়ায় স্বজন ও স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বৃহস্পতিবার দুপুর ১টায় ঘটনাস্থল থেকে কিছুটা দূরে কুরমাইখালে তাঁর মরদেহ ভাসতে দেখতে পান। পরে তাঁরা খাল থেকে মরদেহটি উদ্ধার করেন।
এ বিষয়ে রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির উদ্দিন জানান, এবিষয়ে থানায় কেউ জানায়নি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখে লাশ দাফন করা হয়েছে।
পূর্বকোণ/আরআর

















