চট্টগ্রামের আনোয়ারায় ৫১ পিস ইয়াবা ও মাদক বিক্রির ১২ হাজার টাকাসহ মনোয়ারা বেগম (৪৮) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার মনোয়ারা বেগম হাজীগাঁও এলাকার ডাকাত সর্দার মোহাম্মদ আলীর স্ত্রী বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (২০ আগস্ট) ভোর রাত ৪টার দিকে উপজেলার বারখাইন ইউনিয়নের হাজীগাঁও এলাকায় মনোয়ারা বেগমের বসতঘরে অভিযান চালায় পুলিশের একটি দল। এসময় ঘরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৫১ পিস ইয়াবা ও মাদক বিক্রির ১২ হাজার টাকা উদ্ধার করা হয়।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী জানান, এ ঘটনায় মনোয়ারা বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করা হয়েছে। মামলার পর আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
পূর্বকোণ/পিআর













