টেকনাফে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) ক্যাম্পের ভেতর থেকে ১৩ ফুট দৈর্ঘ্যের একটি অজগর উদ্ধার করা হয়েছে। পরে এটি টেকনাফ বন্যপ্রাণী অভয়ারণ্যের সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়।
বুধবার (১৯ আগস্ট) দুপুর ২ টার দিকে মেচনী রেজিস্টার্ড ক্যাম্পের এপিবিএন পুলিশ ক্যাম্পের ভেতর থেকে অজগরটি উদ্ধার করা হয়। অজগরটির দৈর্ঘ্য প্রায় ১৩ ফুট এবং ওজন আনুমানিক ১০ কেজি। উদ্ধারের পর টেকনাফ বন্যপ্রাণী অভয়ারণ্য এলাকার দমদমিয়া বেতবাগান সংলগ্ন সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়।
বিষয়টি নিশ্চিত করে টেকনাফ রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুর রশীদ বলেন, মেচনী রেজিস্টার্ড ক্যাম্পের এপিবিএন পুলিশ ক্যাম্পের ভেতর থেকে দুপুর ২টার দিকে অজগরটি উদ্ধার করা হয়। পরে এটি টেকনাফ বন্যপ্রাণী অভয়ারণ্যের দমদমিয়া বেতবাগান সংলগ্ন সংরক্ষিত বনে নিরাপদে অবমুক্ত করা হয়েছে। এর দৈর্ঘ্য প্রায় ১৩ ফুট এবং ওজন আনুমানিক ১০ কেজি।
তিনি আরও বলেন, উদ্ধার হওয়া অজগরটি বার্মিজ অজগর। এর বৈজ্ঞানিক নাম পাইথন রেটিকুলেটাস। এটি বড় আকারের সাপগুলোর একটি। বনাঞ্চলের জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের বন্যপ্রাণী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
পূর্বকোণ/সিজান/পারভেজ

















