চন্দনাইশে স্বামীর কোদালের আঘাতে স্ত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ঘাতক স্বামীকে আটক করেছে পুলিশ ।
বুধবার (১৯ আগস্ট) সকালে দোহাজারী পৌরসভার ২ নম্বর ওয়ার্ড উল্লাপাড়া আইয়ুব আলী সওদাগরের বাড়ির ভাড়া বাসায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
ঘাতক মো. সলিম (২৪) কক্সবাজার উখিয়ার আব্দুল আমিনের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সলিম বাহির থেকে এসে স্ত্রী নুরহাবার (২৩) সাথে ঝগড়ায় লিপ্ত হয়ে তার হাতে থাকা কোদাল দিয়ে মাথায় ও পায়ে পর পর কয়েকটি কোপ দেয়।
এতে নুরহাবার রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা তাকে দ্রুত দোহাজারী স্বাস্থ্যা কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ সময় স্থানীয়রা ঘাতক স্বামী মো. সলিমকে আটক করে থানা পুলিশের নিকট হস্তান্তর করেন।
দোহাজারী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস.আই সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে তারা দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। লাশের সুরতহাল প্রস্তুত করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে বলে জানান।
পূর্বকোণ/নুসরাত/পারভেজ

















