চট্টগ্রামের রাউজানে বিষধর সাপের কামড়ে রঘু দত্ত প্রকাশ রৈক্য বৈদ্য (৭০) নামে এক তান্ত্রিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ১১ নম্বর পশ্চিম গুজরা ইউনিয়নের মগদাই দত্তপাড়ার দীঘির পাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রঘু দত্ত মগদাই দত্তপাড়ার মৃত সারদা চরণ দত্তের ছেলে। তিনি এক পুত্র ও কন্যাসন্তানের জনক।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে নিজ বাড়িতে খাবার খাচ্ছিলেন রঘু দত্ত। এ সময় খাবার টেবিলের নিচে থাকা একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। পরিবারের সদস্যরা দ্রুত তাকে রাউজানের রমজান আলী হাটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, এলাকায় তান্ত্রিক হিসেবে রঘু দত্তের পরিচিতি ছিল। স্থানীয় লোকজন ছাড়াও দূর-দূরান্ত থেকে প্রতিদিন বিভিন্ন সমস্যার চিকিৎসা ও পরামর্শ নিতে নারী-পুরুষ তার বাড়িতে আসতেন। তার আকস্মিক মৃত্যুতে এলাকাজুড়ে শোকের আবহ সৃষ্টি হয়েছে।
পূর্বকোণ/সিজান/পারভেজ

















