চট্টগ্রাম বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

টেকনাফে বিদেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

টেকনাফে বিদেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

টেকনাফ সংবাদদাতা

১৯ আগস্ট, ২০২৬ | ৬:৫১ অপরাহ্ণ

কক্সবাজার সীমান্তের নাফ নদীতে বিশেষ অভিযান চালিয়ে দুটি বিদেশি আগ্নেয়াস্ত্র, ম্যাগজিন এবং বিপুল পরিমাণ তাজা গোলা উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড।

 

বুধবার (১৯ আগস্ট) বিকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এই তথ্য নিশ্চিত করেছেন।

 

কোস্টগার্ড জানায়, মায়ানমার থেকে একটি অসাধু চক্র নাফ নদী সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে রোহিঙ্গা ক্যাম্পের একটি সন্ত্রাসী গোষ্ঠীর নিকট আগ্নেয়াস্ত্র হস্তান্তর করবে, এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে নাফ নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে একটি সন্দেহজনক কাঠের বোটকে থামার সংকেত দিলে সেটি অমান্য করে দ্রুত নাইট্যংপাড়া সংলগ্ন প্যারাবনের ভেতর প্রবেশ করে। পরে চক্রের সদস্যরা বোটটি রেখে পালিয়ে যায়। ওই বোটে তল্লাশি চালিয়ে জালের ভেতর অভিনব কায়দায় লুকানো অবস্থায় ১টি বিদেশি রাইফেল (ম্যাগজিনসহ), ১টি ৯ মিলিমিটার বিদেশি পিস্তল (ম্যাগজিনসহ), ২২৯ রাউন্ড রাইফেলের তাজা গুলি, ২ রাউন্ড তাজা ও ১ রাউন্ড পিস্তলের ফাঁকা গুলি এবং ২টি এমএ-১ রাইফেলের ম্যাগজিন উদ্ধার করা হয়।

 

জব্দকৃত অস্ত্র, গোলাবারুদ ও বোটের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে কোস্টগার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট