চট্টগ্রাম বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

চট্টগ্রামে ছাড়পত্র ছাড়ায় কাটছিল জাহাজ, ফেরদৌস স্টিলকে জরিমানা ৫ লাখ

চট্টগ্রামে ছাড়পত্র ছাড়ায় কাটছিল জাহাজ, ফেরদৌস স্টিলকে জরিমানা ৫ লাখ

নিজস্ব প্রতিবেদক

১৯ আগস্ট, ২০২৬ | ২:৫৩ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে পরিবেশগত ছাড়পত্র নবায়ন না করেই জাহাজ কাটার দায়ে চট্টগ্রামের ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

 

বুধবার (১৯ আগস্ট) পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত শুনানি শেষে এ জরিমানা করা হয়।

 

গত ১৪ আগস্ট ‘এমটি রাসি’ নামের জাহাজ কাটার সময় গ্যাসের বিষক্রিয়ায় ৯ শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটে। এরপর ইয়ার্ডটি পরিদর্শন করে পরিবেশ অধিদপ্তর। পরিদর্শন ও তদন্তে পরিবেশগত ছাড়পত্র নবায়ন না করে জাহাজ কাটার কার্যক্রম চালানোর বিষয়টি উঠে আসে।

 

পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের পরিচালক জমির উদ্দিনের সই করা আদেশে বলা হয়েছে, পরিবেশগত ক্ষতি নিরূপণ পদ্ধতির আওতায় ফেরদৌস স্টিলের পরিবেশগত ক্ষতির পরিমাণ পাঁচ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। আদেশে আগামী সাত কার্যদিবসের মধ্যে জরিমানার অর্থ সরকারি কোষাগারে জমা দিতে বলা হয়েছে। একইসঙ্গে পরিবেশগত ছাড়পত্র নবায়ন না হওয়া পর্যন্ত ইয়ার্ডে জাহাজ কাটার কার্যক্রম পুনরায় শুরু না করার নির্দেশ দেওয়া হয়েছে।

 

পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আশরাফ উদ্দিন বলেন, ‘ইয়ার্ড মালিকের প্রতিনিধির উপস্থিতিতে শুনানি অনুষ্ঠিত হয়েছে। শুনানিতে তারা আইন লঙ্ঘনের বিষয়টি স্বীকার করেছেন। নির্দেশনা না মানলে সংশ্লিষ্ট আদালতে মামলা দায়েরসহ কোম্পানিটির বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও আদেশে সতর্ক করা হয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট